সগিরা মোর্শেদ হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ পেছালো। পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ৩১ আগস্ট দিন ধার্য করেছেন আদালত।
বৃহস্পতিবার (২৫) মামলার সাক্ষ্যগ্রহণের দিন ধার্য ছিল। কিন্তু আসামিপক্ষ সাক্ষী সাদিয়া চৌধুরীর দেওয়া সাক্ষ্যগ্রহণের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করেছেন। এজন্য তারা (আসামি) সাক্ষ্যগ্রহণ পেছানোর আবেদন করেন। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১-এর বিচারক রফিকুল ইসলাম সাক্ষ্যগ্রহণের জন্য ৩১ আগস্ট দিন ধার্য করেন।
মামলার আসামিরা হলো—নিহতের ভাসুর ডা. হাসান আলী চৌধুরী ও তার স্ত্রী সায়েদাতুল মাহমুদা ওরফে শাহীন, শ্যালক আনাস মাহমুদ ওরফে রেজওয়ান ও মারুফ রেজা।
মামলার অভিযোগপত্রে তদন্ত কর্মকর্তা উল্লেখ করেন, আসামিরা শিক্ষিত এবং হোয়াইট কালারের অপরাধী হওয়ায় তারা জামিন পেলে বাংলাদেশ ত্যাগ করে চিরপলাতক হওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। সেজন্য আসামিদের বিচার সমাপ্ত না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার জোর আবেদন জানান তিনি।
তদন্ত কর্মকর্তা অভিযোগপত্রে আরও উল্লেখ করেন, সগিরা মোর্শেদের পরিবারের সঙ্গে আসামি শাহীনের বিভেদ তৈরি হয়েছিল। এছাড়া শাশুড়ি সগিরাকে অনেক পছন্দ করতেন এবং শিক্ষাগত যোগ্যতা নিয়ে সগিরা-শাহীনেরও মধ্যে দ্বন্দ্ব ছিল। সম্বোধন করা নিয়েও পারিবারিক দ্বন্দ্ব ছিল। সগিরার কাজের মেয়েকে মারধর করে আসামি ডা. হাসান আলী চৌধুরী। এ নিয়ে পারিবারিক বৈঠকে শাহীন সগিরাকে দেখে নেওয়ার হুমকি দেয়। আসামিরা নিজেদের বাসায় বসে সগিরাকে হত্যার পরিকল্পনা করেন। পরিকল্পনা অনুযায়ী ডা. হাসান আলী তার চেম্বারে অপর আসামি মারুফ রেজার সঙ্গে ২৫ হাজার টাকায় হত্যার চুক্তি করে। ১৯৮৯ সালের ২৫ জুলাই মারুফ রেজা ও আনাস মাহমুদ সগিরাকে গুলি চালিয়ে হত্যা করে।’ ওই ঘটনায় সগিরার স্বামী বাদী হয়ে মামলাটি দায়ের করেন।









