পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, ইউরোপে চলমান যুদ্ধের কারণে আগামী বছর বিশ্বব্যাপী খাদ্য সংকট হতে পারে। এজন্য আমাদের এখন থেকেই প্রস্তুত হতে হবে। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর নির্দেশনা মতো চাষযোগ্য এক ইঞ্চি জায়গাও খালি রাখা যাবে না। ধান, ফসল, তরকারীসহ যখন যে ফসল জন্মে, তাই ফলাতে হবে। আজ থেকে সতর্ক হলে সম্ভাব্য এ সংকট আমরা মোকাবিলা করতে পারবো।’
বৃহস্পতিবার (২৫ আগস্ট) মৌলভীবাজারের বড়লেখা উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের প্রাঙ্গণে উৎপাদিত রোপা আমন ধানের হালি চারা বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে বিনামূল্যে বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রণালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পরিবেশমন্ত্রী বলেন, ‘দেশকে কীভাবে উন্নত করা যায়, মানুষের জীবনমান উন্নয়ন করা যায়, তা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবসময় ভাবেন। চাষিদের জন্য বিনামূল্যে চারা বিতরণের ব্যবস্থা করায় এসময় কৃষি বিভাগের প্রতি ধন্যবাদ জানিয়ে মন্ত্রী বলেন, ‘আমরা সবাই দেশকে ভালোবাসলে, দেশের মাটিকে ভালোবাসলে, দেশের জন্য দায়িত্বশীল হয়ে কাজ করলে, সব সংকট কাটিয়ে দেশকে উন্নত দেশে পরিণত করতে পারবো।’
বড়লেখা উপজেলা নির্বাহী অফিসার খন্দকার মোদাচ্ছির বিল আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বড়লেখা উপজেলা পরিষদের চেয়ারম্যান সোয়েব আহমেদ, ভাইস চেয়ারম্যান মো. তাজউদ্দিন এবং সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সুন্দর এবং উপজেলা কৃষি কর্মকর্তা দেবল সরকার প্রমুখ।









