আগামী ১ সেপ্টেম্বর থেকে সাধারণ ওষুধের দোকান রাত ১২টায় ও হাসপাতাল সংলগ্ন দোকান ২টায় বন্ধ করার যে গণবিজ্ঞপ্তি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) জারি করেছিল তা সংশোধনের সময় এখনও রয়েছে বলে জানিয়েছেন সংস্থাটির প্রধান নির্বাহী কর্মকর্তা।
ওষুধের মতো জরুরি সেবার জন্য সময়সীমা নির্ধারণ করে ডিএসিসি গত সোমবার (২২ আগস্ট) এ গণবিজ্ঞপ্তি জারি করার পর ব্যাপক সমালোচনা হয়।
গত বৃহস্পতিবার (২৫ আগস্ট) স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক ডিএসসিসি’র এ সিদ্ধান্তে বিস্ময় প্রকাশ করেন এবং ওষুধের দোকান ২৪ ঘণ্টাই খোলা থাকা উচিত বলে মন্তব্য করেন।
তার মন্তব্যের কথা উল্লেখ করে এ গণবিজ্ঞপ্তি সংশোধন করা হবে কিনা জানতে চাইলে ডিএসসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা ফরিদ আহাম্মদ বলেন, এটি সংশোধনের সুযোগ এখনও রয়েছে।
তিনি বলেছেন, 'যেহেতু এ আদেশ আগামী ১ সেপ্টেম্বর কার্যকর হবে তাই আমাদের হাতে এখনও ৩১ তারিখ পর্যন্ত সময় আছে। যদি করপোরেশন এর মধ্যে বসে সিদ্ধান্ত নেয় তাহলে পরিবর্তন হতে পারে। তবে এ নিয়ে আলোচনা হয়নি।'
উল্লেখ্য, গত সোমবার (২২আগস্ট) জারিকৃত গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এলাকার সকল দোকান-পাট, শপিং মল, মার্কেট ও বিপনীবিতান বন্ধ করার শেষ সময় রাত ৮টা। কাঁচাবাজার, ব্যবসায়িক বা বাণিজ্যিক প্রতিষ্ঠান ও স্থাপনা বন্ধ করতে হবে রাত ১০টার মধ্যে। এই এলাকার সব ধরনের রেস্তোরাঁ ও খাবার দোকানের রান্নাঘর বন্ধ হবে রাত ১০টার মধ্যে। তবে খাবার সরবরাহ করা যাবে ১১টা পর্যন্ত।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চলচ্চিত্র প্রেক্ষাগৃহসহ চিত্ত-বিনোদনমূলক প্রতিষ্ঠান বা স্থাপনা রাত ১১টা পর্যন্ত, সাধারণ ওষুধের দোকান রাত ১২টা পর্যন্ত এবং হাসপাতালের সঙ্গে সংযুক্ত নিজস্ব ওষুধের দোকান রাত ২টা পর্যন্ত খোলা রাখা যাবে।
এতে বলা হয়, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের এখতিয়ারধীন সব এলাকায় শৃঙ্খলা আনতে এবং ঢাকা শহর পরিচালনায় সুষ্ঠু ব্যবস্থাপনার লক্ষ্যে জনস্বার্থে ১ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) থেকে এ সময়সূচি অনুযায়ী সবকিছু পরিচালিত হবে।
আরও পড়ুন:









