১৫ আগস্টের ঘটনা ষড়যন্ত্র ছিল মন্তব্য করে মানবাধিকার কমিশনের সাবেক চেয়ারম্যান অধ্যাপক মিজানুর রহমান বলেছেন, ‘অনেক চিন্তাভাবনা করে ১৫ আগস্ট অসাম্প্রদায়িক চেতনাকে ধ্বংস করতে বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছে।
মঙ্গলবার (৩০ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে ‘ইন্ডিয়ান মিডিয়া করেসপন্ডেন্ট অ্যাসোসিয়েশন’ আয়োজিত ‘১৫ আগস্ট আন্তর্জাতিক ষড়যন্ত্র’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
মিজানুর রহমান বলেন, ‘তৎকালীন সামরিক বাহিনীর সদস্যরা এমন ঘটনা ঘটাবে জেনেও কোনও পদক্ষেপ নেওয়া হয়নি। আমরা যাকে আমাদের মনে করি, সেই খালেদ মোশাররফের ক্ষেত্রেও এই কথা প্রযোজ্য। সেদিন প্রতিবাদ স্বরূপ একটি গুলিও ছোড়া হয়নি। বরং হত্যাকাণ্ডের পর হত্যাকারীদের পুরস্কৃত ও পদোন্নতি দেওয়া হয়েছে।’
তিনি বলেন,‘যারা বলেছে বঙ্গবন্ধুর চামড়া দিয়ে ডুগডুগি বাজাবে, তাদেরকে মন্ত্রী বানানো হয়েছে। জাতির পিতা ও মুক্তিযুদ্ধকে অস্বীকার করে বাংলাদেশেই রাজনীতি করা সম্ভব। বিশ্বের কোথাও এমন নজির নেই।’
১৯৭৪ সালের দুর্ভিক্ষ ছিল মানবসৃষ্ট ও কৃত্রিম উল্লেখ করে মিজানুর রহমান বলেন, ‘কিউবার সঙ্গে বাণিজ্য করার কারণে আমেরিকা চট্টগ্রাম বন্দরে চাল খালাস না করে, জাহাজ ফিরিয়ে নিয়েছিল।’
ইক্যাবের সভাপতি বাসুদেব ধরের সভাপতিত্বে এতে আরও বক্তব্য রাখেন— সাংবাদিক হারুন হাবীব, মনজুরুল আহসান বুলবুল, কুদ্দুস আফ্রাদ ও দীপ আজাদ প্রমুখ।









