রাজধানীতে গুলি করে আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম ওরফে টিপু ও কলেজছাত্রী সামিয়া আফরান জামাল প্রীতি হত্যা মামলায় গ্রেফতার আসামি নাছির উদ্দিন ওরফে কিলার নাছিরের জামিন স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত।
হাইকোর্টের জামিনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানি নিয়ে বুধবার (৩১ আগস্ট) বিচারপতি এম. ইনায়েতুর রহিমের নেতৃত্বাধীন চেম্বার জজ আদালত এ আদেশ দেন।
আদালতে রাষ্ট্রপক্ষের আবেদনের পক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শেখ সাইফুজ্জামান।
এর আগে গত ২৪ মার্চ রাত সোয়া ১০টার দিকে রাজধানীর শাহজাহানপুরের আমতলা মসজিদ এলাকায় যানজটে আটকে পড়া গাড়িতে থাকা জাহিদুল ইসলামকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়া হয়। এ সময় গুলিবিদ্ধ হয়ে মারা যান জাহিদুল। সেখানে রিকশায় বসে থাকা কলেজছাত্রী সামিয়াও গুলিবিদ্ধ হয়ে মারা যান।
পরে গত ৯ এপ্রিল জাহিদুল ইসলাম ওরফে টিপু ও কলেজছাত্রী সামিয়া আফরান জামাল প্রীতি হত্যাকাণ্ডের মামলায় গ্রেফতার আওয়ামী লীগ নেতা ওমর ফারুক, কিলার নাছিরসহ পাঁচজনকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত এ আদেশ দেন।
কারাগারে থাকা অন্য আসামিরা হলো- আবু সালেহ শিকদার ওরফে শুটার সালেহ, মোরশেদুল আলম ওরফে কাইল্যা পলাশ, আরফান উল্লাহ এবং মাসুম মোহাম্মদ ওরফে আকাশ।
এরপর গত ২৮ আগস্ট ওই হত্যা মামলায় গ্রেফতার নাছির উদ্দিন ওরফে কিলার নাছিরকে জামিন দেন হাইকোর্ট। পরে সে জামিন আদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন জানান রাষ্ট্রপক্ষের আইনজীবীরা।









