রাজশাহীর সীমান্ত এলাকা থেকে ভয়াবহ মাদক হেরোইন সংগ্রহ করে রাজধানীর বিভিন্ন জায়গায় সরবরাহ করে আসছিল একটি চক্র। চক্রটির দুই সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। শুক্রবার (২ সেপ্টেম্বর) রাতে শেরেবাংলা নগর থানার পরিকল্পনা মন্ত্রণালয়ের এলাকা থেকে তাদের গ্রেফতার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের গোয়েন্দা কর্মকর্তারা।
গোয়েন্দারা বলছেন, দীর্ঘদিন ধরে তারা মাদক ব্যবসার সঙ্গে জড়িত। রাজশাহী সীমান্ত এলাকা থেকে হেরোইন সংগ্রহ করে রাজধানীতে সরবরাহ করে আসছিল।
গ্রেফতারকৃতরা- মাসুদ রানা ও মো. জাহিদুল ইসলাম। এ সময় জব্দ করা হয় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি প্রাইভেট কারও। গোয়েন্দা তেজগাঁও বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিমের সহকারী পুলিশ কমিশনার রাজন কুমার সাহা এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, সিলভার রঙের প্রাইভেটকার হেরোইন নিয়ে পরিকল্পনা মন্ত্রণালয়ের দিকে আসছে এমন তথ্যের ভিত্তিতে পরিকল্পনা মন্ত্রণালয়ের ২ নম্বর গেইটের বিপরীত পাশে ময়না খাবার হোটেলের সামেন চেকপোস্ট করে প্রাইভেটকার তল্লাশি করা হয়। প্রাইভেটকারটি চেকপোস্টের সামনে আসলে থামানোর সিগনাল দেওয়া হয়। কিন্তু গাড়িটি না থামিয়ে পালানোর চেষ্টাকালে মাসুদ ও জাহিদুলকে গ্রেফতার করা হয়।
এসময় তাদের কাছ থেকে ৬০০ গ্রাম হেরোইন ও তাদের ব্যবহৃত প্রাইভেটকারটি জব্দ করা হয়।









