‘চাঁদের মতো মুখগুলোকে বাঁচাও কালো আঁধার থেকে’ স্লোগানে ‘খেলাঘর ঢাকা মহানগর উত্তর সম্মেলন ২০২২’-এর উদ্বোধন হয়েছে। শুক্রবার (৯ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ের জাতীয় গ্রন্থাগার মিলনায়তনে শিশু সংগঠন খেলাঘরের ৭০ বছর পূর্তি উপলক্ষে খেলাঘর ঢাকা মহানগর উত্তর আয়োজিত এ অনুষ্ঠানের উদ্বোধন করেন সংস্কৃতিবিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ।
তিনি বলেন, নবম জাতীয় সংসদে আমি যখন প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হই, তখন তারা ঠিকমতো জাতির পিতার নাম বলতে পারতো না, স্বাধীনতার ইতিহাস জানতো না। কিন্তু এখন প্রথম শ্রেণির শিক্ষার্থীও সঠিকভাবে জাতির পিতার নাম বলতে পারে। অভিভাবকরাই এখন বাচ্চাদের সঠিক ইতিহাস শেখাচ্ছেন।
১৯৭৫ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত ২১ বছর নতুন প্রজন্মসহ জাতিকে স্বাধীনতার সঠিক ইতিহাস জানানো হয়নি উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, অন্ধকারে রাখা হয়েছে। এ সময় যারা জন্মগ্রহণ করেছে, তারা স্বাধীনতার সঠিক ইতিহাস শিখতে পারেনি। ২১ বছরে জাতির যে ক্ষতি হয়েছে, তা পূরণ হতে কমপক্ষে ৪২ বছর সময় লাগবে। তাই অভিভাবকদের প্রতি আহ্বান, বাচ্চাদের স্বাধীনতার সঠিক ইতিহাস শেখান। তাদের দেশপ্রেমে উদ্বুদ্ধ করুন।
প্রধান অতিথি বলেন, আজকের শিশুরা অনেক বেশি মেধাবী ও প্রতিভার অধিকারী। তারা দেশ-বিদেশ সম্পর্কে অনেক জ্ঞান রাখে। তাদের সঠিকভাবে কাজে লাগাতে পারলে উন্নত-সমৃদ্ধ বাংলাদেশ গঠন কোনও কঠিন কাজ হবে না।
সম্মেলনের প্রস্তুতি পরিষদের চেয়ারম্যান বিশিষ্ট অভিনেত্রী আফসানা মিমির সভাপতিত্বে সম্মেলন উদ্বোধন করেন খেলাঘর কেন্দ্রীয় কমিটির চেয়ারপারসন অধ্যাপক মাহফুজা খানম।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তৃতা করেন অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান অ্যাডভোকেট মো. লিয়াকত আলী সিকদার, খেলাঘর কেন্দ্রীয় কমিটির সভাপতিমণ্ডলীর সদস্য ডা. লেলিন চৌধুরী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রুনু আলী ও লাইভ টেকনোলজিস লিমিটেডের ডিরেক্টর ইয়াসির আরাফাত।
এর আগে জাতীয় গ্রন্থাগার ভবন চত্বরে পতাকা উত্তোলন ও বেলুন ওড়ানোর মধ্য দিয়ে সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।









