ঢাকা-টুঙ্গিপাড়া রেললাইন পিরোজপুর পর্যন্ত বর্ধিত করা, ঢাকা-পিরোজপুর রুটে সরকার নির্ধারিত বাসভাড়া কার্যকর করাসহ ১০ দফা দাবি জানিয়েছে ঢাকাস্থ পিরোজপুর ফোরাম।
শুক্রবার (৯ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন থেকে এসব দাবি জানান ফোরামের নেতারা।
ফোরামের অন্যান্য দাবিগুলো হলো, ভাঙ্গা-গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া-পিরোজপুর সড়ক চার লেন করতে হবে; পিরোজপুরে অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা করতে হবে; মেডিক্যাল কলেজ প্রতিষ্ঠা করতে হবে; কঁচা নদীতে পাড়েরহাট-চরখালী ব্রিজ নির্মাণ করতে হবে; বেকুটিয়া ব্রিজ থেকে ভান্ডারিয়া-মঠবাড়িয়া সংযোগ সড়ক নির্মাণ করতে হবে; কালিগঙ্গা নদীতে নেছারাবাদ-পিরোজপুর সংযোগ সেতু নির্মাণ করতে হবে; পিরোজপুরে কৃষি কলেজ প্রতিষ্ঠা করতে হবে এবং অবিলম্বে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কাজ শুরু করতে হবে।
মানববন্ধনে বক্তারা বলেন, দেশে শিক্ষিতের হার সবচেয়ে বেশি পিরোজপুর পৌরসভায়। দুর্ভাগ্যের বিষয়- সরকার আসে সরকার যায়, কিন্তু পিরোজপুরবাসীর ভাগ্যের উন্নয়ন হয় না। যোগাযোগ ব্যবস্থার উন্নতি হলে পিরোজপুরের বিভিন্ন কাঁচামাল ঢাকাসহ দেশের অন্যান্য স্থানে পাঠানো দ্রুত এবং সহজ হবে। এতে যেমন এই এলাকার কৃষকের উন্নতি হবে, ঠিক তেমনি দেশের উন্নয়ন ঘটবে। একইসঙ্গে মানুষের দীর্ঘদিনের যাতায়াত ব্যবস্থার ভোগান্তি লাঘব হবে।
পিরোজপুর ফোরামের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবু সাঈদ মোল্লার সভাপতিত্বে কর্মসূচিতে বক্তব্য দেন লেবার পার্টির চেয়ারম্যান ডাক্তার মোস্তাফিজুর রহমান ইরান, আলহাজ্ব শামীম সাঈদী, আলহাজ্ব মাসুদ সাঈদী, অ্যাডভোকেট এম ওহাব, খলিলুর রহমানসহ অন্যান্যরা।









