শহর-গ্রামে যাত্রা অনুষ্ঠানের অবাদ অনুমতি দেওয়াসহ যাত্রা শিল্পের সৃজনশীল বিকাশ ও মানোন্নয়নে ছয় দফা দাবি জানানো হয়েছে। রবিবার (২৫ সেপ্টেম্বর) বেলা ১২টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে যাত্রাশিল্প মালিক সমিতি আয়োজিত মানববন্ধনে এসব দাবি জানান যাত্রা শিল্পের সঙ্গে সংশ্লিষ্ট কলাকুশলীরা।
তাদের অন্যান্য দাবিগুলো হলো– বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে পৃথক যাত্রা বিভাগ রাখা; অস্বচ্ছল সংস্কৃতিসেবীর জন্য ভাতা দেওয়ার ক্ষেত্রে যাত্রাশিল্পীদের জন্য পৃথক কোটার ব্যবস্থা রাখা; প্রতি বছর শিল্পকলা একাডেমিতে জাতীয় যাত্রা উৎসবের আয়োজন করা; জেলা-উপজেলায় যাত্রা প্যান্ডেল নির্মাণের উদ্যোগ নেওয়া এবং একটি জাতীয় যাত্রামঞ্চ প্রতিষ্ঠা করা।
মানববন্ধনে যাত্রাশিল্প মালিক সমিতির সভাপতি এমএ মান্নান বলেন, ‘যাত্রা বাংলাদেশের এক সাংস্কৃতিক ঐতিহ্য। যাত্রা শিল্পের সেই সোনালি দিন এখন আর নেই। যাত্রা একটি পেশাদারি শিল্প, কিন্তু নেই পেশাগত নিশ্চয়তা। ফলে বহু বেকার শিল্পী আজ অনাহারে-অর্ধাহারে মানবেতর জীবনযাপন করছেন। তাই সামনের দুর্গাপূজা থেকে যাত্রানুষ্ঠানের অবাধ অনুমতির দাবি জানাচ্ছি।’
মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক এম আলম লাভলুসহ যাত্রা পালাকর্মীরা।









