রাজধানীর মিরপুরে চাঁদাবাজ, সন্ত্রাসী ও কিশোর গ্যাংয়ের সদস্যদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছেন ভুক্তোভোগীরা। মঙ্গলবার (৩ অক্টোবর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন হয়। পুলিশ জানিয়েছে, অপরাধীদের গ্রেফতারে তারা কাজ করছে।
বুধবার (৪ অক্টোবর) এ বিষয়ে খোঁজ নিয়ে জানা গেছে, পল্লবী এলাকার শীর্ষ সন্ত্রাসী মাকসুদ ওরফে পিস্তল মাকসুদের নেতৃত্বে চাঁদাবাজি, দখলবাজি, ছিনতাই, মাদক ব্যবসাসহ নানা অপকর্মে এলাকাবাসী অতিষ্ট। তার ছত্রছায়ায় কিশোর গ্যাংয়ের অপরাধীরা হামলা-খুনসহ নানা অপকর্ম চালিয়ে আসছে। এলাকার ফারুক হোসেন নেপথ্যে থেকে তাদের শেল্টার দিয়ে আসছে বলে অভিযোগ রয়েছে।
মানববন্ধনে অংশ নেওয়া খলিলুর রহমান বলেন, ‘সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার ও কঠোর শাস্তির আওতায় আনতে হবে। আমরা দীর্ঘদিন ধরে এই দাবি জানিয়ে আসছি।’
পল্লবী থানার ওসি পারভেজ ইসলাম বলেন, ‘ইতোমধ্যে ছিনতাই চাঁদাবাজি ও কিশোর গ্যাংয়ের অপতৎপরতা রোধে আমরা বেশ কিছু পদক্ষেপ নিয়েছি। এলাকায় পোশাকে ও সাদা পোশাকে নজরদারি অব্যাহত রয়েছে। পাশাপাশি টহলও জোরদার করা হয়েছে। সুনির্দিষ্ট অভিযোগ পেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’









