দেশে জঙ্গি হামলার শঙ্কা উড়িয়ে দেওয়া যায় না বলে মন্তব্য করেছে র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন। তিনি বলেন, আমরা কখনও বলিনি জঙ্গি হামলা হবে না। তারপরও আমরা আত্মতুষ্টিতে ভুগছি না। জঙ্গি হামলার মতো ঘটনা ঘটবে না এ বিষয়টি কেউ নিশ্চিত করে বলতে পারে না বলেও জানান তিনি।
বৃহস্পতিবার (৬ অক্টোবর) রাজধানীর কাওরান বাজার মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
তিনি বলেন, সম্প্রতি দেশের বিভিন্ন জায়গা থেকে বেরিয়ে যাওয়া তরুণের চারজনকে আমরা শনাক্ত করে আইনের আওতায় নিয়ে এসেছি। তাদেরকে জঙ্গিবাদে উদ্বুদ্ধ করার সাথে জড়িত থাকার অভিযোগে আরও তিনজনকে আমরা গ্রেফতার করেছি। তাদের কাছ থেকে গুরুত্বপূর্ণ চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে।
খন্দকার আল মঈন বলেন, দেশের আইন ও সংবিধান, বিচার ব্যবস্থা, আইন-শৃঙ্খলা বাহিনীর কর্মকাণ্ডের প্রতি তাদের ক্ষোভ জাগিয়ে তোলা হয়েছে। মনস্তাত্ত্বিকভাবে আইসোলেশন করা হয়েছে তাদের। যাদেরকে জঙ্গিবাদে উদ্বুদ্ধ করে বাসা থেকে বের করে নিয়ে যাওয়া হয়েছিল তাদেরকে শারীরিক প্রশিক্ষণ দেওয়া হয়েছে, পরিস্থিতি মোকাবিলায় কারিগরি প্রশিক্ষণ দেওয়া হয়েছে তাদের। তারা প্রতিটি ধাপ সম্পন্ন করার পরই পরবর্তী ধাপ সম্পর্কে জানতে পারতো। ধাপে ধাপে উত্তীর্ণ হলে পরবর্তী নির্দেশনা সম্পর্কে তাদেরকে অবহিত করা হতো।









