রাজধানীর মিরপুর মডেল থানা এলাকায় নিজের ছেলের বউকে ধর্ষণের দায়ে শ্বশুর খলিলকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
মঙ্গলবার (১১ অক্টোবর) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৮ এর বিচারক বেগম মাফরোজা পারভীন এ আদেশ দেন।
কারাদণ্ডের পাশাপাশি তাকে এক লাখ টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ছয় মাসের কারা ভোগের আদেশ দেন আদালত।
এদিন আসামি আদালতে হাজির ছিলেন। এরপর তার উপস্থিতিতে বিচারক রায় ঘোষণা করেন। রায় শেষে তাকে সাজা পরোয়ানা দিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন।
মামলার বিবরণী থেকে জানা যায়, ২০২০ সালের ১৯ ফেব্রুয়ারি ভুক্তভোগীর শ্বশুর খলিল তার ছেলের বউকে ধর্ষণ করেন। এ ঘটনায় ভুক্তভোগী নারী রাজধানীর মিরপুর মডেল থানায় শ্বশুরের বিরুদ্ধে মামলা করেন। চলতি বছরের ১ ফেব্রুয়ারি মামলার তদন্তকারী কর্মকর্তা মিরপুর মডেল থানার উপপরিদর্শক খন্দকার মঞ্জুর রাহী আদালতে অভিযোগপত্র দেন। গত ১৬ মার্চ আদালত অভিযোগ গঠন করেন আদালত।









