রাজধানীর যাত্রাবাড়ীতে বাস থেকে ফেলে দিয়ে আবু সায়েম মুরাদ নামে এক যাত্রীকে হত্যার অভিযোগে চালক সালাউদ্দিন ও হেলপার মোহনকে রিমান্ড শেষে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত
মঙ্গলবার (১৮ অক্টোবর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেনের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।
এদিন দুপুরে একদিনের রিমান্ড শেষে মামলার তদন্ত কর্মকর্তা যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক আব্দুর রহমান আসামিদের আদালতে হাজির করেন। একই সঙ্গে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আসামিদের কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা। তার আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন আদালত।
এর আগে, গত ১৬ অক্টোবর আসামিদের এক দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
প্রসঙ্গত, শনিবার (১৫ অক্টোবর) সন্ধ্যা পৌনে ৬টার দিকে যাত্রাবাড়ীর শহীদ ফারুক সরণিতে এ ঘটনা ঘটে। নিহত আবু সায়েম মুরাদ ওই বাসে বাসায় ফিরছিলেন। বাসের হেলপার এক যাত্রীর কাছ থেকে বেশি ভাড়া নেয়। সায়েম এর প্রতিবাদ করেন। এ নিয়ে হেলপারের সঙ্গে তার বাগবিতণ্ডা হয়। যাত্রাবাড়ীতে নামার সময় সায়েমকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়। পরে ওই বাসের পেছনের চাকা তার মাথার ওপর দিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
এ ঘটনায় আবু সায়েমের বড় ভাই আবু সাদাত শনিবার রাতেই যাত্রাবাড়ী থানায় হত্যা মামলা দায়ের করেন।









