রাজধানীর শাহবাগ থানায় দায়ের করা এক মামলায় ছাত্র অধিকার পরিষদের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আকতার হোসেন ও সাধারণ সম্পাদক আকরাম হোসেনের এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বৃহস্পতিবার (২০ অক্টোবর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নুর শুনানি শেষে এ আদেশ দেন।
এদিন ছাত্র অধিকার পরিষদের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ২৪ জনকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। এরপর শাহবাগ থানার মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক গোলাম হোসেনের ৭ দিনের রিমান্ডের আবেদন শুনানি হয়। শুনানি শেষে আকতার ও আকরামের একদিনের রিমান্ড মঞ্জুর করেন। বাকি ২২ আসামির রিমান্ড নামঞ্জুরের করেন আদালত।
অপরদিকে শাহবাগ থানার আরেক মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার উপ-পরিদর্শক মুহাম্মদ আরিফুল আলম অপু ঢাকার বাইরে থাকায় রিমান্ড শুনানি অনুষ্ঠিত হয়নি। আগামী ২৫ অক্টোবর এ মামলার রিমান্ড শুনানি অনুষ্ঠিত হবে।
আসামিপক্ষের আইনজীবী খাদেমুল ইসলাম এসব তথ্য জানান।
মামলায় অপর আসামিরা হলেন—সাদ্দাম হোসেন, তসলিম হোসাইন অভি, আব্দুল কাদের, তরিকুল ইসলাম, মামুনুর রশিদ, নাজমুল হাসান, রাকিব, আরিফুল ইসলাম, আসিফ মাহমুদ, তাওহীদুল ইসলাম তুহিন, এইচএম রুবেল হোসেন, ইউসুফ হোসেন, মিজান উদ্দিন, বেলাল হোসেন, ওমর ফারুক জিহাদ, আবু কাউছার, জাহিদ আহসান, মোয়াজ্জেম হোসেন রনি, সানাউল্লাহ, শাহ ওয়ালিউল্লাহ, রাকিব, সাজ্জাদ হোসেন পারভেজ।
গত ৭ অক্টোবর বিকালে আবরার ফাহাদ স্মৃতি সংসদের সঙ্গে যৌথভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে স্মরণসভার আয়োজন করে ছাত্র অধিকার পরিষদ। এসময় স্মরণসভাকে কেন্দ্র করে হামলার ঘটনা ঘটে। পরে ঢাকা মেডিক্যাল কলেজের সামনে মারামারিও হয়। এই দুই ঘটনায় শাহবাগ থানায় দুটি মামলা দায়ের করে ছাত্রলীগের দুই কর্মী।









