দায়িত্ব পালনে সবার সহযোগিতা কামনা করেছেন নতুন দায়িত্ব পাওয়া ডিএমপি কমিশনার অতিরিক্ত আইজিপি খন্দকার গোলাম ফারুক। তিনি বলেন, ‘সবার দোয়া ও সহযোগিতা কামনা করছি, যেন আমার উপর অর্পিত গুরুদায়িত্ব যথাযথভাবে পালন করতে পারি।’
এর আগে রবিবার (২৩ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয় জননিরাপত্তা বিভাগ পুলিশ-১ শাখার উপসচিব মো. হারুনুর রশিদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে ডিএমপির নতুন কমিশনার হিসেবে দায়িত্ব পান অতিরিক্ত আইজিপি খন্দকার গোলাম ফারুক। তিনি বর্তমান কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলামের স্থলাভিষিক্ত হচ্ছেন।
দায়িত্ব পাওয়ার পর সন্ধ্যায় নিজের ফেসবুক আইডিতে স্ট্যাটাস দিয়ে নিজের প্রতিক্রিয়া জানান নতুন ডিএমপি কমিশনার। নতুন দায়িত্ব পাওয়ার ‘এই শুভক্ষণে’ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান নতুন ডিএমপি কমিশনার। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, পুলিশের প্রধানের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় যে আস্থা ও বিশ্বাস নিয়ে আমাকে ডিএমপি কমিশনার হিসেবে নিয়োগ দিলেন, আমি তার মর্যাদা রাখার সর্বোচ্চ চেষ্টা করবো।’
খন্দকার গোলাম ফারুক বর্তমানে পুলিশ স্টাফ কলেজের রেক্টর হিসেবে দায়িত্ব পালন করছিলেন। চলতি মাসের ২৯ তারিখে বর্তমান ডিএমপি কমিশনার শফিকুল ইসলামের চাকরির মেয়াদ শেষ হবে। সেদিন থেকেই এই আদেশ কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, অতিরিক্ত আইজিপি খন্দকার গোলাম ফারুক পুলিশের ১২তম বিসিএস কর্মকর্তা। তিনি এর আগে সারদা পুলিশ একাডেমির প্রিন্সিপাল, চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি, রংপুর রেঞ্জের ডিআইজি, ময়মনসিংহ কিশোরগঞ্জ ঝালকাঠি ও ঠাকুরগাঁও জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেন। তার বাড়ি টাঙ্গাইল জেলায়।









