ঘূর্ণিঝড় সিত্রাং মোকাবিলায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সর্বোচ্চ সতর্কাবস্থায় রয়েছে। ফায়ার সার্ভিসের উপকূলীয় এলাকার সকল ফায়ার স্টেশনকে স্ট্যান্ডবাই ডিউটি দেওয়া হয়েছে।
সোমবার (২৪ অক্টোবর) ফায়ার সার্ভিসের মিডিয়া শাখার কর্মকর্তা শাহজাহান সরদার এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, উপপরিচালক (অপারেশন ও মেইনটেনেন্স) কামাল উদ্দীন ভূঁইয়া’র নেতৃত্বে কেন্দ্রীয়ভাবে খোলা হয়েছে “ঘূর্ণিঝড় সিত্রাং মনিটরিং সেল”। ঘূর্ণিঝড় সংক্রান্ত সাহায্যের জন্য মনিটরিং সেলের নাম্বারগুলোতে যেকোনও সময় ফোন করা যাবে।
হটলাইন: ১৬১৬৩, টেলিফোন: ০২-২২৩৩৫৫৫৫৫, মোবাইল: ০১৭৩০-৩৩৬৬৯৯।
এছাড়া কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষসহ সকল বিভাগীয় নিয়ন্ত্রণ কক্ষের নিয়মিত ফোন নম্বরগুলোও সচল রয়েছে সকল তথ্য গ্রহণ করার জন্য।
ঢাকা সিটি করপোরেশন এলাকায় ১৩টি স্থানসহ এখন পর্যন্ত সারা দেশে প্রায় ৩০টি স্থানে ঝড়ে ভেঙে পড়া গাছ ফায়ার সার্ভিস কর্তৃক অপসারণ করা হয়েছে।
এছাড়া বরিশাল সদর ফায়ার স্টেশন কর্তৃক ১ জনকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয়েছে।









