সড়ক দুর্ঘটনায় চলচ্চিত্রকার তারেক মাসুদ ও মিশুক মুনীর নিহতের ঘটনা অনুসন্ধান করে সেসব বিষয় নিয়ে চিত্রায়িত হয়েছে ডকুফিল্ম সোশ্যাল ক্রসফায়ার। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের অনুসন্ধানের ভিত্তিতে চিত্রায়িত হয় সোশ্যাল ক্রসফায়ারের বিভিন্ন দৃশ্য। ডকুফিল্মটি নির্মাণ করেন নির্মাতা মো. সেলিম। মঙ্গলবার (২৫ অক্টোবর) রাজধানীর শাহবাগ জাতীয় জাদুঘরে প্রদর্শিত হয় এর প্রিমিয়ার।
বুয়েটের দুর্ঘটনা গবেষণা কেন্দ্রের সাবেক পরিচালক ডক্টর শামসুল হকের অনুসন্ধানের ভিত্তিতে সড়ক দুর্ঘটনায় নিহত চিত্রপরিচালক তারেক মাসুদ ও শহীদ বুদ্ধিজীবী মুনীর চৌধুরীর ছেলে এটিএন নিউজের সাবেক প্রধান নির্বাহী মিশুক মুনীর নিহতের ঘটনার পেছনের বিষয় তুলে ধরা হয়।
ডক্টর শামসুল হকের অনুসন্ধানে বাস চালক জমির উদ্দিন ছিলেন নির্দোষ এমন বিষয়টি উঠে আসে। ডকুফিল্মটি প্রিমিয়ার দেখতে এসে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, অধ্যাপক শামসুল হকের অনুসন্ধানে পরিষ্কার হয়েছে দুর্ঘটনায় বাস চালক জমির হোসেন ছিলেন নির্দোষ। তারেক মাসুদ ও মিশুক মুনীরের মৃত্যুতে সারাদেশের মানুষ ব্যথিত হয়েছিল। আমরা ওই ঘটনার তদন্ত চেয়েছিলাম, দুর্ঘটনায় তাই ব্যক্তিকে আইনের আওতায় নিয়ে আসা হোক। কিন্তু আজকে এই ডাকু ফিল্মটি দেখে এবং অধ্যাপক শামসুল হক প্রমাণ করেছেন ওই ঘটনার জন্য বাস চালকের ততখানি ভূমিকা ছিল না। বাস চালক জমিরের যে দোষ নেই সেটা আমি শুনেছিলাম, কিন্তু আজকে সেটা দেখে গেলাম।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, কোনও দুর্ঘটনা হলে আমরা চালককে ধরার জন্য ছুটি। চালককে না ধরতে পারলে গাড়িটি জ্বালিয়ে দেওয়ার ঘটনা দেখতে পাই। তবে প্রধানমন্ত্রী অনেকবার বলেছেন, চালক সব সময় দুর্ঘটনার জন্য দায়ী নন।
বুয়েটের দুর্ঘটনা গবেষণা কেন্দ্রের সাবেক পরিচালক অধ্যাপক শামসুল হক এ সময় বলেন, আমরা গবেষণা করে যে বিষয়গুলো পেয়েছি তা কখনও পুলিশের বিরুদ্ধে কখনও বিআরটি’র বিরুদ্ধে আবার প্রকৌশলী’র বিরুদ্ধে যাচ্ছে। আমরা শুধু বিজ্ঞানের দৃষ্টি দিয়ে সত্যটা বের করার চেষ্টা করেছি। নিরপরাধ কেউ যেন ভুক্তভোগী না হয় সেজন্য ঘটনাস্থলে গিয়ে সবকিছুর বিশ্লেষণ করে আমি এটা করেছি।
হাইকোর্টের আপিল নিষ্পত্তি হওয়ার আগেই কারাবন্দি অবস্থায় ২০২০ সালের ১ আগস্ট মারা যায় বাস চালক জমির।
দুর্ঘটনার জন্য জমির হোসেনকে দায়ী করে বিচারিক আদালত যাবজ্জীবন সাজা দেওয়ার পাশাপাশি আরেকটি মামলায় তার মাসুদের পরিবারকে ৪ কোটি ১০৩ লক্ষ ৪৫২ টাকা ক্ষতিপূরণ দিতে বাস মালিক চালক ও সংশ্লিষ্ট ইন্সুরেন্স কোম্পানিকে নির্দেশ দেন হাইকোর্ট।
উল্লেখ্য, ২০১১ সালের ১৩ আগস্ট চিত্রগ্রাহক মিশুক মুনীর ও আরও তিন সহকর্মীসহ সড়ক দুর্ঘটনায় নিহত হন চলচ্চিত্রকার তারেক মাসুদ।









