ন্যাশনাল ডিফেন্স কলেজের (এনডিসি) কোর্স-২০২২-এর প্রশিক্ষণার্থীরা পুলিশ সদর দফতর পরিদর্শন করেন। মেজর জেনারেল এ কে এম আমিনুল হকের নেতৃত্বে বুধবার (২৬ অক্টোবর) সকালে এনডিসির প্রতিনিধিদল পুলিশ সদর দফতরে আসেন বলে জানিয়েছে এআইজি (মিডিয়া) মনজুর রহমান।
পরিদর্শনকালে পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের সঙ্গে প্রতিনিধিদলের প্রধান মেজর জেনারেল এ কে এম আমিনুল হক সৌজন্য সাক্ষাৎ করেন। এসময় তারা শুভেচ্ছা স্মারক বিনিময় করেন।
এনডিসি টিমের পুলিশ সদর দফতর পরিদর্শন উপলক্ষে অতিরিক্ত আইজিপি (এইচআরএম) ব্যারিস্টার হারুন-অর-রশিদের সভাপতিত্বে পুলিশ সদর দফতরে হল অব প্রাইডে এক ব্রিফিংয়ের আয়োজন করা হয় বলে জানানো হয়েছে।
ব্রিফিংয়ে অতিরিক্ত ডিআইজি (ডিঅ্যান্ডপিএস) বেলাল উদ্দিন বাংলাদেশ পুলিশের মিশন, ভিশন, ইতিহাস, ঐতিহ্য, মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান, আইনশৃঙ্খলা রক্ষায় গৃহীত পদক্ষেপ, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অনবদ্য ভূমিকা ও ভবিষ্যৎ পরিকল্পনা প্রতিনিধিদলের সামনে তুলে ধরেন।
পরে প্রশ্ন-উত্তর পর্বে প্রতিনিধিদলের সদস্যরা অপরাধ দমন, কমিউনিটি পুলিশিং, পুলিশি সেবা প্রদান, সাইবার ক্রাইম, ট্রাফিক ব্যবস্থাপনা, কৃত্রিম বুদ্ধিমত্তা ইত্যাদি সম্পর্কে জানতে চান। ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা সন্তোষজনক জবাব দেন।
সভাপতির বক্তব্যে ব্যারিস্টার হারুন-অর-রশিদ বলেন, এনডিসি টিমের এ সফর বাংলাদেশ পুলিশ ও সশস্ত্র বাহিনীর মধ্যে বিরাজমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করবে।
প্রতিনিধিদলে সশস্ত্র বাহিনী, বেসামরিক প্রশাসন, বাংলাদেশ পুলিশ এবং মিশর, ভারত, ইন্দোনেশিয়া, জর্ডান, কেনিয়া, মালি, নাইজার, নাইজেরিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কা, তাঞ্জানিয়া ও জাম্বিয়ার ১৭ জনসহ ৭৫ জন প্রশিক্ষণার্থী উপস্থিত ছিলেন।









