বনানীর রেইনট্রিতে ধর্ষণকাণ্ড ও গুলশানের মুনিয়া আত্মহত্যাকাণ্ডে আলোচনায় আসা সেই ফারিয়া মাহাবুব পিয়াসার বিরুদ্ধে ভাটারা থানার মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলায় অভিযোগ গঠন শুনানি পেছালো। পরবর্তী শুনানির জন্য ১১ জানুয়ারি দিন ধার্য করেছেন আদালত।
রবিবার (৩০ অক্টোবর) মামলার অভিযোগ গঠন শুনানির দিন ধার্য ছিল। কিন্তু পিয়াসা আদালতে হাজির না হওয়ায় তার পক্ষে আইনজীবী সময়ের আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ মোহাম্মদ মোরশেদ আলম অভিযোগ গঠন শুনানির জন্য পরবর্তী এ দিন ধার্য করেন।
সংশ্লিষ্ট আদালত থেকে এসব তথ্য নিশ্চিত করা হয়।
গত বছরের ২৭ সেপ্টেম্বর ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সত্যব্রত শিকদারের আদালতে অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা সিআইডি পুলিশ।
এর আগে ব্ল্যাকমেইল করে অর্থ আদায়ের অভিযোগে গত বছরের ১ আগস্ট রাতে বারিধারা থেকে তাকে আটক করা হয়। সে সময় তার ঘরে টেবিল থেকে চার প্যাকেট ইয়াবা জব্দ করে ডিবি। এ ছাড়া তার রান্নাঘরের ক্যাবিনেট থেকে ৯ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। ফ্রিজে পাওয়া যায় সিসা তৈরির কাঁচামাল।









