প্রতিটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা পুনর্বহালের দাবি জানিয়েছেন ২০২১-২২ শিক্ষাবর্ষের ভর্তিচ্ছু শিক্ষার্থীরা।
রবিবার (৩০ অক্টোবর) ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি হলে এক মতবিনিময় সভায় তারা এ দাবি জানান।
মতবিনিময় সভায় ভর্তিচ্ছু শিক্ষার্থীরা বলেন, উচ্চশিক্ষা গ্রহণ একজন শিক্ষার্থীর অধিকার। পর্যাপ্ত সুযোগ সৃষ্টি না করে বরং দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার পদ্ধতি বাতিল করা হয়েছে। অস্বচ্ছল শিক্ষার্থীরা এতে উচ্চশিক্ষার অধিকার বঞ্চিত হচ্ছেন। অথচ বিশ্বের অধিকাংশ দেশেই একাধিকবার ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ রয়েছে।
সভায় ছিলেন আইনজীবী ও রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ূম। তিনি বলেছেন, ‘সংবিধানের মূল নীতিতে শিক্ষাকে মৌলিক প্রয়োজন হিসেবে নির্ধারণ করা হয়েছিল। রাষ্ট্র শিক্ষার চাহিদা পূরণে সচেষ্ট থাকবে বলে ঘোষণা ছিল। কিন্তু ৫০ বছরেও শিক্ষা মৌলিক চাহিদা হিসেবে প্রতিষ্ঠিত হয়নি। এখনও রাষ্ট্রের বেশিরভাগ মানুষ শিক্ষার মৌলিক অধিকার থেকে বঞ্চিত। সংবিধানের ৫০তম বার্ষিকীতে শিক্ষাকে মৌলিক চাহিদা হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবি তুলে ধরতে হবে।’
মতবিনিময় সভায় সংহতি জানিয়ে আরও বক্তব্য রাখেন– গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের সভাপতি ছাইয়্যেদুল হক নিশান, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সাধারণ সম্পাদক শোভন রহমান, বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সহ-সভাপতি অনিক রায় প্রমুখ।









