তামাকের ভয়াবহতা বিবেচনায় নিয়ে সরকার তামাক নিয়ন্ত্রণে আইন বাস্তবায়ন ও নীতিগুলো শক্তিশালী করাসহ ধারাবাহিক ও বহুমুখী পদক্ষেপ নিয়েছে। তবে তামাক কোম্পানিগুলো দীর্ঘদিন ধরে আইন বাস্তবায়ন ও সহায়ক নীতি প্রণয়নে প্রভাব বিস্তার করে আসছে। এটা জনস্বাস্থ্য উন্নয়নের লক্ষ্যে প্রধানমন্ত্রীর ২০৪০ সালের মধ্যে তামাকমুক্ত বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় বাস্তবায়নে বড় প্রতিবন্ধকতা সৃষ্টি করছে।
সোমবার (৩১ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে ‘তামাক নিয়ন্ত্রণে প্রধান অন্তরায় কোম্পানির হস্তক্ষেপ’ শীর্ষক মতবিনিময় সভার আলোচকরা এসব কথা বলেন। ডাব্লিউবিবি ট্রাস্টের উদ্যোগে এ মতবিনিময় সভা আয়োজিত হয়।
মতবিনিময় সভায় আলোচক হোসেন আলী খোন্দকার বলেন, খুচরা বাজারে তামাকজাত দ্রব্যের নিয়ন্ত্রণহীন সরবরাহ এবং কোম্পানির হস্তক্ষেপ তামাক নিয়ন্ত্রণে প্রধান প্রতিবন্ধকতা। তামাক নিয়ন্ত্রণ আইনের দুর্বলতার সুযোগ নিয়ে এতদিন কোম্পানি তামাক নিয়ন্ত্রণে যে বাধার সৃষ্টি করছিল সেটি সমাধানে বর্তমানে তামাক নিয়ন্ত্রণ আইনের প্রস্তাবনাটি প্রণয়ন করা প্রয়োজন।
সুশান্ত সিনহা বলেন, তামাক কোম্পানিতে সরকারের কয়কেজন উচ্চ পর্যায়ের আমলা থাকায় নীতি নির্ধারণী পর্যায়ে তাদের হস্তক্ষেপের সুযোগ থেকে যায়।
তিনি তামাক চাষের জমির জন্য বাধ্যতামূলক ভূমিকর এবং সামাজিক দায়বদ্ধতা র্কমসূচীর জন্য একটি সুনিদিষ্ট নীতি থাকা প্রয়োজন বলে অভিমত ব্যক্ত করেন।
আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও বাংলাদেশ তামাক বিরোধী জোটের (বাটা) উপদেষ্টা মোজাফফর হোসেন পল্টু বলেন, সমগ্র পৃথিবীর ক্রান্তিকালীন সময়ে সম্ভাব্য দুর্ভিক্ষ থেকে বাংলাদেশকে রক্ষায় তামাক চাষের বিপরীতে অন্যান্য শাকসবজি চাষে কৃষকদের উদ্বুদ্ধ করতে হবে। তামাক নিয়ন্ত্রণে লাইসেন্সিং ব্যবস্থা বাধ্যতামূলক করার পাশাপাশি তামাকের ফলে সৃষ্ট অর্থনৈতিক ক্ষতির সঠিক তথ্য গণমাধ্যমগুলোতে বেশি বেশি প্রচার করতে হবে।
সভায় তামাক কোম্পানি বছরের নির্দিষ্ট কিছু সময়ে বিশেষ করে জাতীয় বাজেট ঘোষণার আগে কীভাবে সরকারের তামাক নিয়ন্ত্রণ নীতিতে হস্তক্ষেপ করে সে বিষয়টি আলোচনা করা হয়।
সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ তামাক বিরোধী জোজের (বাটা) উপদেষ্টা এবং বাংলাদেশ জাতীয় যক্ষ্মা নিরোধ সমিতির (নাটাব) সভাপতি মোজ্জাফফর হোসেন পল্টু। সভায় আরও বক্তব্য রাখেন– ডাব্লিউবিবি ট্রাস্টের প্রকল্প কর্মকর্তা সামিউল হাসান সজীব ও আরিফ হোসেন, ভাইটাল স্ট্রাটেজীসের কান্ট্রি ম্যানেজার মো. শফিকুল ইসলাম, নাগরিক টিভির চিফ রিপোর্টার শাহনাজ শারমিন, শেয়ার বিজের সিনিয়র রিপোর্টার মাসুম বিল্লাহ প্রমুখ।









