বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার সহধর্মিণী জোবাইদা রহমানের বিরুদ্ধে জ্ঞাত-আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগপত্র গ্রহণ করে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। এটিকে ‘ফরমায়েশি’ আখ্যা দিয়ে গ্রেফতারি পরোয়ানার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বিক্ষোভ মিছিল করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।
মঙ্গলবার (১ নভেম্বর) বিকাল সাড়ে ৪টায় বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি মো. খোরশেদ আলম সোহেল ও সাধারণ সম্পাদক আরিফুল ইসলামের নেতৃত্বে বকশীবাজার মোড় থেকে মিছিল শুরু করে ক্যাম্পাস অভিমুখে শিববাড়ী মোড় হয়ে আবারও বকশীবাজার এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে খোরশেদ আলম সোহেল বলেন, এসব করে তারেক রহমানের জনপ্রিয়তাকে একবিন্দুও ক্ষুণ্ণ করতে পারেনি এবং পারবেও না। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল এই ফরমায়েশি রায়ের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে।
আরিফুল ইসলাম বলেন, এই নিশিরাতের সরকার তারেক রহমান ও জোবাইদা রহমানের বিরুদ্ধে ফরমায়েশি রায় ও গ্রেফতারি পরোয়ানা জারির মাধ্যমে আবারও প্রমাণ করলো, সরকার নিজেরা আজ দেশের সব টাকা পাচার করে, রিজার্ভ শূন্য করে তাদের অপকর্মকে ঢাকতে উদোর পিণ্ডি বুধোর ঘাড়ে চাপিয়ে দেওয়ার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল তা ঘৃণাভরে প্রত্যাখ্যান করছে।
এসময় বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন সহসভাপতি মো. মশিউর রহমান, যুগ্মসম্পাদক আবদুল জলিল আমিনুল, মাসুম বিল্লাহ, মো. তরিকুল ইসলাম তারিক, নাছির উদ্দীন শাওনসহ বিভিন্ন হল শাখার নেতারা।









