রাজধানীর গুলশানে একটি বৈদ্যুতিক ট্রান্সফরমারে আগুন লাগার ঘটনা ঘটেছে। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
সোমবার (৭ নভেম্বর) সকালে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাকিবুল হাসান বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।
রাকিবুল হাসান বলেন, আজ সকাল সাড়ে ৮টার দিকে খবর পাওয়া যায় গুলশান-২ নম্বরের ২৪ নম্বর রোডের সেন্ট্রাল মসজিদের পিছনে অবস্থিত একটি বৈদ্যুতিক ট্রান্সফরমার আগুন লেগেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট সকাল ৮টা ৩৮ মিনিটে ঘটনাস্থলে যায়। পরে প্রায় ১ ঘণ্টারও বেশি সময় ধরে কাজ করে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ৯টা ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে এনেছে।
তিনি বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে। তবে তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে। আগুনে হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।









