বুয়েট শিক্ষার্থী হত্যা: যেসব বিষয় সামনে রেখে তদন্ত করছেন গোয়েন্দারা

রিয়াদ তালুকদার
১১ নভেম্বর ২০২২, ২২:১১আপডেট : ১১ নভেম্বর ২০২২, ২২:৫৪

বুয়েট শিক্ষার্থী ফারদিন নূর পরশ নিখোঁজের পর লাশ উদ্ধারের ঘটনায় বেশ কয়েকটি বিষয় সামনে রেখে তদন্ত করছে গোয়েন্দা পুলিশ। বাবার দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামি ফারদিনের বান্ধবী বুশরা গোয়েন্দা পুলিশের জিজ্ঞাসাবাদে রয়েছেন। এ ঘটনায় বুশরার সম্পৃক্ততা এবং বাবার অভিযোগের বিষয়টি খতিয়ে দেখছেন গোয়েন্দারা। তবে এখনও হত্যার প্রকৃত কারণ অনুসন্ধান করছেন তারা। তদন্ত করতে গিয়ে কোনও বিষয়কেই ছোট করে দেখা হচ্ছে না। সব বিষয় সামনে রেখেই তদন্ত চলছে বলে জানিয়েছে গোয়েন্দা সূত্র।

গোয়েন্দা সূত্র বলছে, বুয়েটে ছাত্র রাজনীতি বন্ধ, আবরার হত্যা মামলায় প্রকৃত অপরাধীদের শাস্তির আওতায় আনা আন্দোলনে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে সক্রিয়ভাবে অংশ নেন ফারদিন নূর পরশ। এছাড়া পরশের সঙ্গে কাদের বন্ধুত্ব ছিল, কাদের যোগাযোগ ছিল, এসব বিষয় গুরুত্ব দেওয়া হচ্ছে। প্রেমঘটিত কোনও বিষয় রয়েছে কিনা তাও দেখা হচ্ছে। এছাড়া তার সব শেষ মোবাইল লোকেশন গাজীপুর থাকার পর কীভাবে তার মরদেহ শীতলক্ষ্যা নদীতে এলো, তার  চুলচেরা বিশ্লেষণ করা হচ্ছে। সবশেষ কাদের সঙ্গে কথা হয়েছে, সেসবও গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। গোয়েন্দারা জানান, ফারদিন একজন ভালো বিতার্কিক ছিলেন। এ নিয়ে তার সঙ্গে কারও কোনও দ্বন্দ্ব ছিল কিনা, সেটাও দেখা হচ্ছে।

গোয়েন্দা সূত্র আরও জানায়, ফারদিনের বাবার দাবি, রামপুরা পুলিশ বক্সের পাশে ফারদিনের বান্ধবী বুশরাকে নামিয়ে দেওয়ার পর থেকেই তার ছেলে নিখোঁজ হন—এ বিষয়টিও মাথায় রেখে তদন্তের কাজ করছেন গোয়েন্দা কর্মকর্তারা। ফারদিন আসলেই গাজীপুর গিয়েছিলেন কিনা, নাকি তার সঙ্গে থাকা মোবাইল ফোন অন্য কেউ গাজীপুরে নিয়ে গেছে, এসব বিষয়ের জট খুলতে এরইমধ্যে বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। কারও সঙ্গে শত্রুতা ছিল কিনা, তাও খতিয়ে দেখা হচ্ছে। তার মাদক-সংশ্লিষ্টতা ছিল কিনা, কোনও ছিনতাই বা অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে নিহত হয়েছেন কিনা, এসব বিষয় সামনে রেখে গোয়েন্দা কর্মকর্তারা তদন্ত করছেন।

জানা গেছে, ফারদিন নূর পরশের সঙ্গে যে দুই তরুণীর বন্ধুত্ব—সেই বুশরা ও আশার বিষয়টি তদন্তে গুরুত্ব পাচ্ছে। এরইমধ্যে পুলিশ নিশ্চিত হয়েছে ফারদিনের খুব ভালো বন্ধু ছিল বুশরা। চার বছর ধরে তাদের বন্ধুত্বের সম্পর্ক। তবে আশার বিষয়ে এখনও কোনও ধারণা পায়নি গোয়েন্দা পুলিশ। আশার সঙ্গে কী ধরনের সম্পর্ক ছিল, খতিয়ে দেখা হচ্ছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ-ডিএমপি লালবাগ গোয়েন্দা বিভাগের উপ-পুলিশ কমিশনার রাজীব আল মাসুদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এই হত্যা মামলা সব বিষয় মাথায় রেখে আমরা তদন্ত করছি। তদন্ত চলমান রয়েছে। এখন পর্যন্ত  বুশরা ছাড়া কাউকে গ্রেফতার করতে পারিনি। বুশরাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার কাছ থেকে পাওয়া বিভিন্ন তথ্য আমরা খতিয়ে দেখছি।’

গত ৪ নভেম্বর রাতে নিখোঁজ হন ফারদিন নূর পরশ। ৭ নভেম্বর লাশ উদ্ধারের পর থেকেই ছেলেকে হত্যা করা হয়েছে—এমন দাবি করে আসছিলেন ফারদিনের বাবা নুর উদ্দিন রানা।  রামপুরা থানায় দায়ের করা মামলায় ফারদিনের হত্যাকাণ্ডে তার বান্ধবী বুশরার ইন্ধন রয়েছে বলে এজাহারে উল্লেখ করেন বাবা। এজাহারে তিনি অভিযোগ করেন, রামপুরা থানা এলাকা কিংবা অন্য কোথাও পরিকল্পিতভাবে তার ছেলে ফারদিনকে হত্যা করা হয়েছে।

বান্ধবী বুশরাকে গত ৪ নভেম্বর রাতে রামপুরা পুলিশ বক্সের পাশে নামিয়ে দেওয়ার পর নিখোঁজ হন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়- বুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী ফারদিন নূর পরশ। তার সন্ধান না পেয়ে একদিন পর বাবা নুর উদ্দিন রানা রামপুরা থানায় নিখোঁজের সাধারণ ডায়েরি করেন। ৭ নভেম্বর শীতলক্ষ্যা নদী থেকে ফারদিনের লাশ উদ্ধার করে নৌ-পুলিশ।

লাশ উদ্ধারের পর ময়নাতদন্তে চিকিৎসকরা ফারদিনের মাথা এবং বুকে আঘাতের চিহ্ন পান। আঘাত জনিত কারণেই তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানান চিকিৎসকরা।

মামলা দায়েরের পরপরই ১০ নভেম্বর বুশরাকে রামপুর এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ। এই মামলায় পাঁচ দিনের রিমান্ডে রয়েছেন বুশরা। বর্তমানে মামলাটি গোয়েন্দা পুলিশ তদন্ত করছে।

/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম