পানিসম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম বলেছেন, বাঙালি জাতির শ্রেষ্ঠ অর্জন স্বাধীনতার সঠিক ইতিহাস নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে হবে। দেশের ভবিষ্যৎ প্রজন্মকে সঠিকভাবে গড়ে তুলতে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরার কোনও বিকল্প নেই।
বৃহস্পতিবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ইতিহাস বিভাগের সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
জাকসুর সাবেক ভিপি এনামুল হক শামীম বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতাকে হত্যার পর দেশের ইতিহাস বিকৃত করা হয়। স্বাধীনতাবিরোধীরা রাষ্ট্রীয় ক্ষমতায় থেকে ইচ্ছেমতো ইতিহাস বানিয়েছে। বইপত্রে শিক্ষার্থীদের সেই ইতিহাস পড়িয়েছে তারা। ফলে ভুল ইতিহাস শিখেছে শিক্ষার্থীরা। এখন স্বাধীনতা সঠিক ইতিহাসটা জানতে পারছে তারা।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ বিশ্বে মাথা উঁচু করে দাঁড়িয়েছে উল্লেখ করে তিনি বলেন, এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে, দেশকে উন্নত সমৃদ্ধশালী করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
অধ্যাপক একেএম শাহনাওয়াজের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নুরুল আলম, উপ উপাচার্য অধ্যাপক শেখ মোহাম্মদ মনজুরুল হক, জাহাঙ্গীর আলম প্রমুখ।









