জলবায়ুর পরিবর্তন রোধ ও সাইকেলের ব্যবহার প্রসারে রাষ্ট্রীয় সুবিধা বাড়ানোর দাবিতে রাজধানীতে সাইকেল র্যালি করেছে সারা দেশ থেকে আসা সাইক্লিস্টরা। শুক্রবার (২ ডিসেম্বর) কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হওয়া এই সাইকেল র্যালি আবার সেখানেই গিয়ে শেষ হয়েছে।
অনুষ্ঠান থেকে নাগরিক সুস্বাস্থ্য, পরিবেশ রক্ষা, জলবায়ু পরিবর্তন রোধ এবং সাইকেল নেটওয়ার্ক তৈরি দাবি জানানো হয়। নাগরিক সচেতনতা তৈরিতে এর আয়োজন করে গ্রিন মুভমেন্ট লিমিটেড, গ্রিন পেজ ও বাংলাদেশ বাংলাদেশ সাইকেল লেন বাস্তবায়ন পরিষদ।
তরুণ প্রজন্মকে দেশ প্রেমে উদ্বুদ্ধ ও পরিবেশ রক্ষা উৎসাহিত করতে সাইকেল র্যালি উদ্বোধন করেন বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সাবেক সেক্রেটারি জেনারেল ঝুনা চৌধুরী। সাইকেল র্যালিতে ৩ শতাধিক সাইক্লিস্ট অংশ নেন। রঙ-বেরঙের বেলুন নিয়ে টি-শার্ট পরে র্যালিটি কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হয়ে দোয়েল চত্বর, বাংলা একাডেমি ও টিএসসি হয়ে আবার কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। পরিবেশের জন্য যারা কাজ করে আসছে তাদের সার্টিফিকেট প্রদান করা হয়।
গ্রিন মুভমেন্টের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক ফাতেমা জিন্নাতের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিশু একাডেমির চেয়ারম্যান লাকী ইনাম, চলচ্চিত্র ব্যক্তিত্ব পীরজাদা শহীদুল হারুন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন পরিবেশবিদ মো. মাহফুজুর রহমান, সাইকেল লেন বাস্তবায়ন পরিষদের সভাপতি মো. আমিনুল ইসলাম টুব্বুস, ফ্যামিলি সাইক্লিস্টের সভাপতি বিশিষ্ট নাহার কনা ও ঢাকা সাংস্কৃতিক ফোরামে সাধারণ সম্পাদক মো. মুক্তার হোসেন প্রমুখ।









