রাজধানী ধানমন্ডির ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে এবং সাভারের জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগে নিযুক্ত নতুন তিন বিচারপতি।
রবিবার (১১ ডিসেম্বর) সুপ্রিম কোর্টের মুখপাত্র মোহাম্মদ সাইফুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
জানা গেছে, সুপ্রিম কোর্টের আপিল বিভাগে নতুন নিযুক্ত তিন বিচারপতি মো. আশফাকুল ইসলাম, বিচারপতি মো. আবু জাফর সিদ্দিকী ও বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম দুপুরে ধানমন্ডির ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করবেন।
এরপর বিচারপতিরা সাভারের জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
এর আগে, গত ৮ ডিসেম্বর রাষ্ট্রপতির নির্দেশক্রমে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের তিন বিচারপতিকে আপিল বিভাগে নিয়োগ দিয়ে আইন মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করে। একইদিন বিকালে আপিল বিভাগের নতুন তিন বিচারপতিকে শপথবাক্য পাঠ করান প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।
প্রসঙ্গত, নতুন তিন বিচারপতি নিয়োগের পর প্রধান বিচারপতিসহ আপিল বিভাগে বর্তমানে ৯ জন বিচারপতি বিচারকার্য পরিচালনার দায়িত্ব পালন করছেন।









