শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে রাজধানীর রায়েরবাজার বধ্যভূমি স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন বিভিন্ন শ্রেণিপেশার মানুষ। আওয়ামী লীগসহ শ্রদ্ধা নিবেদন করেছে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান।
বুধবার (১৪ ডিসেম্বর) ভোর ৬টা থেকে রায়েরবাজার বধ্যভূমিতে মানুষের ঢল নামে। সর্বস্তরের মানুষ শ্রদ্ধা জানাতে সেখানে দলে দলে প্রবেশ করেন।
রাজনৈতিক নেতাকর্মীদের পাশাপাশি সেখানে প্রবেশ করেন নানা পেশাজীবী অঙ্গ-সংগঠন। এছাড়া সবচেয়ে বেশি চোখে পড়ে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের। তারা নিজস্ব ব্যানার হাতে এসেছেন শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মতিয়া চৌধুরীসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানান। এছাড়া শ্রদ্ধা জানান শহীদ পরিবারের সন্তান এবং তাদের পরিবারের সদস্যরা।









