রাজধানীর খিলগাঁও এলাকা থেকে মনি বেগম (৩৫) নামে এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার (২৮ ডিসেম্বর) বেলা আনুমানিক সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ওই নারীর স্বামী হায়দার ব্যাপারিকে আটক করেছে পুলিশ। খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) মো. হাসান মুন্সী এ তথ্য জানান।
এসআই মো. হাসান মুন্সী বলেন, খবর পেয়ে বাসা থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মৃতের স্বামী হায়দার বেপারীকে আটক করে থানায় নেওয়া হয়েছে।
তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে হায়দার ব্যাপারি জানিয়েছেন, তার ওপর জিন আছর করেছিল, এতে সে স্ত্রীর গলা টিপে ধরে। তাকে আরও জিজ্ঞাসাবাদ, তদন্ত ও ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
মনি বেগম মাদারীপুরের রাজৈর উপজেলার হোগলা গ্রামের নুর মল্লিকের মেয়ে। বর্তমানে খিলগাঁও উত্তর গোড়ান নবীনবাগে ভাড়া বাসায় পরিবারের সঙ্গে থাকতেন। হায়দার ব্যাপারি পেশায় রঙমিস্ত্রি। মনি বেগম ছিলেন গার্মেন্টসকর্মী। এক ছেলে ও এক মেয়ের জননী তিনি। মেয়ে হাফিজা (১৭) ও ছেলে নয়নও (১৫) কর্মজীবী। ঘটনার সময় তারা কেউ বাসায় ছিল না।









