শুরু হচ্ছে নতুন বছর। ইংরেজি নতুন বছরকে স্বাগত জানাতে রাজধানীর বিভিন্ন জায়গায় উন্মুক্ত স্থানে জমায়েত এবং সব ধরনের অনুষ্ঠান নিষিদ্ধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি। এছাড়া বিভিন্ন সড়কে নিয়ন্ত্রণ করা হচ্ছে যান চলাচল।
শনিবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যার পর থেকে রাজধানীর শাহবাগ, হাতিরঝিল, গুলশান, মিরপুর এলাকায় বিভিন্ন সড়কে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা। হাতিরঝিলে নিয়ন্ত্রণ করা হয়েছে যান চলাচল। এছাড়া শাহবাগে শিক্ষার্থী ও এলাকার ক্যাম্পাসের বাসিন্দা ছাড়া বহিরাগতদের ঢুকতে দেওয়া হচ্ছে না।
পুলিশ সদস্যরা বলছেন, থার্টি ফার্স্ট নাইটকে কেন্দ্র করে কোনও ধরনের উচ্ছৃঙ্খলা বরদাস্ত করা হবে না। সবাইকে ঘরে থেকে নববর্ষ উদযাপন করতে বলা হয়েছে। যারা বাইরে বের হয়েছেন তাদের কোনও ধরনের উচ্ছৃঙ্খলতা ছাড়াই নববর্ষ উদযাপনের পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া মাদক সেবন করে গাড়ি চালালে কিংবা দ্রুত গতিতে গাড়ি চালালে আইনানুগ ব্যবস্থা নেবে আইনশৃঙ্খলা বাহিনী।
রমনা বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার হারুন অর রশিদ গণমাধ্যমকে বলেন, বহিরাগত কাউকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ঢুকতে দেওয়া হচ্ছে না। যারা আইডি কার্ড দেখাচ্ছেন তাদের প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে। আমরা চাই যারা রাত ১২টায় টিএসসিতে থাকবেন তারা সুশৃঙ্খল ভাবে ইংরেজি নববর্ষের প্রথম প্রহর উদযাপন করবেন।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ ফানুস ও আতশবাজি ফোটানোর নিষেধাজ্ঞার কথা জানালেও সন্ধ্যার পর থেকে রাজধানীর বিভিন্ন এলাকায় আতশবাজি ফোটানোর শব্দ শোনা যাচ্ছে।
র্যাব মহাপরিচালক এম খুরশিদ হোসেন গণমাধ্যমকে বলেন, মাদক সেবন করে কেউ যদি রাস্তায় কোনও উচ্ছৃঙ্খলতা করে, তাহলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। অতীত অনেক নেতিবাচক ঘটনার প্রেক্ষিতে কড়াকড়ি আরোপ করা হয়েছে।









