২০২২ সালে প্রতিদিন নৌ, রেল ও সড়কপথে গড়ে ১৫১টি দুর্ঘটনায় আহত ১৫৬ এবং নিহত হয়েছেন ২৭ জন। পুরো বছরে নৌ, রেল ও সড়কপথে দুর্ঘটনা ঘটেছে ৫৫ হাজার ৩০৫টি, আর ক্ষতি হয়েছে প্রায় ৯৮ হাজার কোটি টাকা।
সোমবার (২ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে সংবাদ সম্মেলনে বার্ষিক প্রতিবেদন প্রকাশ করেন সেভ দ্য রোড-এর মহাসচিব শান্তা ফারজানা।
লিখিত বক্তব্যে তিনি জানান, গত বছর বাংলাদেশে রেল, নৌ ও সড়কপথে দুর্ঘটনায় ১০ হাজার ১০৮ জন নিহত হন। আহত হন ৫৬ হাজার ৯৬৭ জন। তবে আকাশ পথে কোনও দুর্ঘটনা ঘটেনি।
সেভ দ্য রোড-এর চেয়ারম্যান ও সাবেক উপজেলা চেয়ারম্যান শ্রমিক নেতা জেড এম কামরুল আনামের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন— ঢাকা মহানগর পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক কাজী সেলিম সরোয়ার, সেভ দ্য রোড-এর প্রতিষ্ঠাতা মোমিন মেহেদী, ভাইস চেয়ারম্যান বিকাশ রায়, আইয়ুব রানা, জিয়াউর রহমান জিয়া, সোনিয়া দেওয়ান প্রীতি, সাংগঠনিক সম্পাদক মহিদুল মল্লিক,বাংলাদেশ টুডে’র নারায়ণগঞ্জ প্রতিনিধি মো. সায়মুন ইসলাম, কায়েস সজিব,ভারতের দানবীর সেখ সহিদুল ইসলামসহ প্রমুখ।









