প্রতি বছরই শীত আসলেই চোখে পড়ে ছিন্নমূল, অসহায় মানুষের হাড় কাঁপানো কষ্ট। দেশব্যাপী এমন অসহায় দুঃস্থ ও ছিন্নমূল মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ শুরু করেছে বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন পাথওয়ে। এই স্বেচ্ছাসেবী কর্মীরা রাতভর রাজধানী ঢাকাসহ সারাদেশে একযোগে শীতবস্ত্র কম্বল বিতরণ কার্যক্রমে অংশগ্রহণ করেছে।
মঙ্গলবার (৩ জানুয়ারি) রাতে রাজধানীসহ সারাদেশে শীতার্ত ছিন্নমূল মানুষের মাঝে একযোগে এই শীত বস্ত্র বিতরণ করে সংগঠনের কর্মীরা। শীতার্ত মানুষের দ্বারে দ্বারে গিয়ে পৌঁছে দিচ্ছে কম্বল। কম্বল বিতরণে পাথওয়ে এবার গ্রহণ করেছে ব্যতিক্রমী উদ্যোগ। দেশব্যাপী বেশ কিছু জায়গায় স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করছে তৃতীয় লিঙ্গের মানুষ।
পাথওয়ে স্বেচ্ছাসেবক মানিক জানান, প্রতিষ্ঠার পর থেকেই প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের পাশাপাশি শীতার্ত ও বন্যার্তসহ যে কোনও প্রাকৃতিক দুর্যোগ- মহামারিতে ক্ষতিগ্রস্ত ও অসহায় মানুষের পাশে থেকে কাজ করে আসছে পাথওয়ে। প্রতিবছরের মতো এ বছরও শীতবস্ত্র বিতরণ করছে সংগঠনটি। এ বছর বিতরণ ভিন্ন আঙ্গিকে রাতভর ঘুরে ঘুরে অসহায় ছিন্নমূল শীতার্ত মানুষের গায়ে জড়িয়ে দেয়া হচ্ছে কম্বল।
শীতবস্ত্র বিতরণের বিষয়ে পাথওয়ে’র নির্বাহী পরিচালক শাহিন বলেন, শীত প্রতিবছর আসে গরিব অসহায় মানুষের জন্য এক কষ্টের বার্তা নিয়ে। তবে অসহায় মানুষের পাশে কমই সামর্থ্যবান মানুষকে দাঁড়াতে দেখা যায়। অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে পারা অনুভূতির মাত্রা ভিন্ন। আমরা এবার পরিকল্পনা করে রাজধানীসহ দেশের অধিক শীতপ্রবণ অঞ্চলের দুস্থ ও অসহায় শীতার্তদের দ্বারে পৌঁছে দিচ্ছি কম্বল।
সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কল্যাণে সবাই এগিয়ে আসলে হাসি ফুটবে অনেকের মুখে। করোনাকালীন সময়ে জনসচেতনাতা বৃদ্ধির জন্য লিফলেট, মাস্ক, হ্যান্ড স্যানেটাইজার বিতরণ করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা পাথওয়ে। এছাড়াও করোনা আক্রান্ত ব্যক্তি নিজ খরচে বিভিন্ন হাসপাতালে পৌঁছে দেওয়া, বিনামূল্যে মৃত ব্যক্তিদের গোসল ও দাফনের মতো মানবিক কাজও করে পাথওয়ে টিম।









