বাংলাদেশে নিয়মিত যাত্রী পরিবহনে আগ্রহী সৌদি আরবের বাজেট এয়ারলাইন ফ্লাইনাস। ঢাকায় প্রুভেন ফ্লাইট অপারেট করেছে এয়ারলাইনটি। ১৭ সদস্যের একটি প্রতিনিধি দল প্রুভেন ফ্লাইটে ঢাকায় আসেন। বাণিজ্যিক সম্ভাব্যতা যাচাই শেষে শিগগিরই ফ্লাইট চালুর পরিকল্পনা রয়েছে এয়ারলাইনটির।
চলতি হজ মৌসুমে যাত্রী পরিবহন করেছিল ফ্লাইনাস।বাংলাদেশ থেকে এবারই প্রথম হজ যাত্রী পরিবহন করছে এই এয়ারলাইনটি। হজের সময় বাংলাদেশ থেকে হজযাত্রী পরিবহনে ৪৪৩ আসন বিশিষ্ট এয়ারবাস এ ৩৩০ নিও উড়োজাহাজ ব্যবহার করা হয়। সৌদি আরবের নেতৃস্থানীয় এয়ারলাইন ফ্লাইনাস যাত্রা শুরু করে ২০০৭ সালে।
বাংলাদেশে ফ্লাইনাসের প্রতিনিধি সামসুল আলম খন্দকার জানান, শনিবার (৭ জানুয়ারি) রাতে ১৭ সদস্যের একটি প্রতিনিধি দল ঢাকায় আসে। সেখানে ফ্লাইনাস, সৌদি সিভিল এভিয়েশনের কর্মকর্তারা ছিলেন। ফ্লাইটটি রবিবার (৮ জানুয়ারি) দুপুরে ঢাকা ত্যাগ করেছে। প্রুভেন ফ্লাইটের মাধ্যমে বাংলাদেশে ফ্লাইট পরিচালনার সম্ভাবত্যা যাচাই করা হচ্ছে। আমরা আশা করছি, শিগগির নিয়মিত ফ্লাইট পরিচালনা শুরু করতে পারবো।
জানা গেছে, ফ্লাইনাস ৩৫টি অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক গন্তব্যে সপ্তাহে ১৫০০টিরও বেশি ফ্লাইট পরিচালনা করে। ফ্লাইনাস প্রতিযোগিতামূলক ভাড়া, সময়মতো ফ্লাইট পরিচালনা এবং উচ্চমানের গ্রাহক সেবার জন্য ২০১৫ থেকে ২০২০ সাল পর্যস্ত পরপর ছয় বছর ওয়ার্ল্ড ট্র্যাভেল অ্যাওয়ার্ডস থেকে পুরস্কার অর্জন করেছে। ২০১৭ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত স্কাইট্র্যাক্সেরও পুরস্কার অর্জন করে এ এয়ারলাইন।









