দৈনিক দিনকাল পত্রিকার ডিক্লারেশন বাতিলের সিদ্ধান্ত সংক্রান্ত প্রজ্ঞাপনের কার্যক্রম আগামী ৭ ফেব্রুয়ারি পর্যন্ত স্থগিত করেছেন প্রেস কাউন্সিলের আপিল বোর্ড। একইসঙ্গে ওইদিন পরবর্তী শুনানির দিন নির্ধারণ করা হয়েছে। এর ফলে আপাতত পত্রিকাটি ছাপাতে কোনও বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।
মঙ্গলবার (১০ জানুয়ারি) এ বিষয়ে এক শুনানি শেষে প্রেস কাউন্সিলের আপিল বোর্ড এই আদেশ দেয়। প্রেস আপিল বোর্ডের বিচারক হিসেবে ছিলেন বিচারপতি মো. নিজামুল হক নাসিম ও জ্যেষ্ঠ সাংবাদিক ইকবাল সোবহান চৌধুরী।
শুনানিতে অংশগ্রহণ করেন সিনিয়র অ্যাডভোকেট জয়নুল আবেদীন, অ্যাডভোকেট আহমেদ আজম খান, ব্যারিস্টার কায়সার কামাল, ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী ও অ্যাডভোকেট জামিউল হক ফয়সাল।
এর আগে গত বছরের ২৬ ডিসেম্বর দৈনিক দিনকালের ডিক্লারেশন বাতিল করে ঢাকার জেলা প্রশাসক একটি প্রজ্ঞাপন জারি করে। প্রজ্ঞাপনের আদেশ চ্যালেঞ্জ করে দৈনিক দিনকাল পত্রিকা বাংলাদেশ প্রেস কাউন্সিলের প্রেস আপিল বোর্ডে আপিল দায়ের করলে শুনানি শেষে জেলা প্রশাসকের ওই আদেশ স্থগিত করা হয়।









