বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) সভানেত্রী তৈয়বা মুসাররাত জাঁহা চৌধুরী বলেছেন, ব্যক্তিগত উদ্যোগে হয়তো বড় কিছু করা সম্ভব নয়, কিন্তু সাংগঠনিকভাবে কিছু করার চেষ্টা করছে পুনাক। এর ধারাবাহিকতায় পুনাক অসহায় ও বিশেষ চাহিদাসম্পন্নদের পাশে থাকবে সবসময়।
বৃহস্পতিবার (১২ জানুয়ারি) রাজধানীর দক্ষিণ কেরানীগঞ্জে আগা নগর উচ্চ মাধ্যমিক বিদ্যালয় মাঠে শীতবস্ত্র বিতরণের সময় তিনি এ কথা বলেন।
পুনাক সভানেত্রী বলেন, শীতার্ত মানুষের প্রতি সহানুভূতি ও মমতা নিয়েই আমরা কাজ করে যাচ্ছি। আমরা চাই, এ দেশের প্রতিটি মানুষ যেন স্বাবলম্বী হয়ে নিজের পায়ে দাঁড়াতে পারে। আমরা বৃদ্ধ ও বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের পাশে সবসময় দাঁড়াতে চাই।
বৃহস্পতিবার ২৫০ জন বিশেষ চাহিদাসম্পন্ন শিশুসহ ৮০০ দুস্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে পুনাক।
এ সময় উপস্থিত ছিলেন– পুনাকের সহ-সভানেত্রী নাসিম আমিন, সহ-সভানেত্রী আসাম মুনমুন আহসান, সমাজকল্যাণ সম্পাদিকা তৌহিদা নুপুর, ঢাকা জেলার পুলিশ সুপার মো. আসাদুজ্জামান প্রমুখ।









