শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের উদ্দেশে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) প্রধান অতিরিক্ত আইজিপি মোহাম্মদ আলী মিয়া বলেছেন, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে দক্ষ, পেশাদার ও জনবান্ধব পুলিশ কর্মকর্তা হিসাবে নিজেদের গড়ে তুলতে হবে।
রবিবার (১৫ জানুয়ারি) মলিবাগ সিআইডি সদর দফতারে শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের (এএসপি) পাঁচ দিনব্যাপী প্রশিক্ষণের উদ্ভোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। এতে সভাপতিত্বে করেন ডিটেকটিভ ট্রেনিং স্কুলের (ডিটিএস) কমান্ড্যান্ট হাসিব আজিজ।
সিআইডির তদন্ত ইউনিট, সাইবার পুলিশ সেন্টার, ফাইন্যানসিয়াল ক্রাইম, সিরিয়াস ক্রাইম, এলআইসি, ডিএনএ ল্যাব, কেমিক্যাল ল্যাব, ফরেনসিক ল্যাব, ডিটিএস এবং আফিসের কর্মকাণ্ড ও গুরুত্ব সম্পর্কে আলোকপাত করেন সিআইডি প্রধান।
এই প্রশিক্ষণে ৩৮তম বিসিএসের একজন এবং ৪০তম বিসিএসের ৬৯ জনসহ মোট ৭০ জন শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার অংশ গ্রহণ করেন।
উদ্ভোধনী অনুষ্ঠানে আরও ছিলেন– ডিআইজি, অতিরিক্ত ডিআইজি, বিশেষ পুলিশ সুপার, সহকারী বিশেষ পুলিশ সুপারসহ সিআইডির অন্যান্য ঊর্ধতন কর্মকর্তারা।









