বিএনপির সমাবেশের সংবাদ সংগ্রহ করতে আসা সময় টিভির সংবাদকর্মীদের ওপর হামলার অভিযোগ উঠেছে কামরাঙ্গীর চর থানা বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে। ভুক্তভোগীরা জানিয়েছেন, সময় টিভির সংবাদকর্মীদের শারীরিকভাবে লাঞ্ছনাসহ তাদের সঙ্গে থাকা ড্রোন ও ক্যামেরা ভেঙে ফেলা হয়।
সোমবার (১৬ ডিসেম্বর) নয় পল্টনে এই হামলার ঘটনা ঘটে। এসময় বিএনপি কর্মীরা সময় টেলিভিশনের ড্রোন ক্যামেরাসহ গোপ্রো-৯ ক্যামেরা ভেঙে ফেলে। সংবাদকর্মীদের সঙ্গে থাকা একটি অ্যান্ড্রোয়েড মোবাইল, মানিবাগ, ক্রেডিট কার্ড, এনআইডিসহ বিভিন্ন কাগজপত্র ছিনিয়ে নেন তারা।
হামলার শিকার সংবাদকর্মীদের একজন সালেহীন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বিএনপির সমাবেশস্থলে সময় টিভির ড্রোন উড়ানোকালে বিএনপির কয়েকজন নেতাকর্মী এসে বাধা দেন। সংবাদকর্মী হিসেবে পরিচয় দেওয়া হলেও ড্রোন তারা কেড়ে নিয়ে ভেঙে ফেলে। আমার সহকারীদের সঙ্গে থাকা একটি অ্যান্ড্রোয়েড মোবাইল, মানিবাগ, ক্রডিট কার্ড, এনআইডিসহ বিভিন্ন কাগজপত্র ছিনিয়ে নিয়ে যায়। আমরা খোঁজ পেয়েছি, তারা কামরাঙ্গীর চর থানা বিএনপির নেতাকর্মী।’
বিএনপির কেন্দ্রীয় নেতাদের বিষয়টি অবহিত করা হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘আমরা হামলার বিষয়ে বিএনপির কেন্দ্রীয় নেতাদের জানিয়েছি। যদি ক্ষতিপূরণ দেওয়া না হয়, তাহলে আমরা ব্যবস্থা নেবো। তারা আশস্ত করেছেন, সমাবেশ শেষে বিষয়টি দেখবেন।’









