আগামী ২৭ জানুয়ারি দেশব্যাপী সাংস্কৃতিক সমাবেশ করবে সম্মিলিত সাংস্কৃতিক জোট। এ আয়োজনে স্লোগান হবে ‘চাই সাংস্কৃতিক জাগরণ ও সম্প্রীতির বাংলাদেশ’। সংগঠনটির প্রচার সম্পাদক মীর মাসরুর জামান রনির সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মুক্তিযুদ্ধের আদর্শ, ৭২-এর সংবিধানের পুনরায় বাস্তবায়ন এবং মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী অপশক্তি প্রতিরোধের লক্ষ্যে এ দিন প্রত্যেক জেলা ও উপজেলায় স্থানীয় সম্মিলিত সাংস্কৃতিক জোটের উদ্যোগে সমাবেশ হবে। কেন্দ্রীয় কর্মসূচি হিসেবে ২৭ জানুয়ারি বেলা ৩টায় কেন্দ্রীয় শহীদ মিনারে সাংস্কৃতিক সমাবেশে বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের জাতীয় নেতারা বক্তৃতা দেবেন।
সারা দেশের সংস্কৃতিকর্মীদের ২৭ জানুয়ারি সাংস্কৃতিক সমাবেশ কর্মসূচি সফল করার আহ্বান জানিয়েছেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ এবং সাধারণ সম্পাদক আহ্কাম উল্লাহ্।









