অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মো. সাহেদ ওরফে সাহেদ করিমের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ২৯ জানুয়ারি দিন ধার্য করেছেন আদালত।
বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) ঢাকার বিশেষ জজ আদালত-১০-এর বিচারক নজরুল ইসলামের আদালতে মামলাটির সাক্ষ্য গ্রহণের দিন ধার্য ছিল।
তবে নতুন সাক্ষী সংযুক্তির এবং সাক্ষ্যগ্রহণের জন্য সময় চেয়ে আবেদন করেন রাষ্ট্রপক্ষ। আদালত এ আবেদন মঞ্জুর করে সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ২৯ জানুয়ারি পরবর্তী দিন ধার্য করেন। মামলাটিতে এখন পর্যন্ত আট জনের সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে।
সংশ্লিষ্ট আদালতের পেশকার মো. মিঠু এ তথ্য জানান।
উল্লেখ্য, ২০২০ সালের ৫ নভেম্বর নির্ধারিত ২১ কার্যদিবসের মধ্যে সম্পদের হিসাব জমা দিতে সাহেদকে নোটিশ দেয় দুদক। নির্ধারিত সময়ে তা জমা না দেওয়ায় তাকে আরও ১৫ কার্যদিবস সময় দেওয়া হয়েছিল। কিন্তু এরপরও সম্পদ বিবরণী জমা না দেওয়ায় তার সম্পদের অনুসন্ধান করে দুদক। অনুসন্ধানে তার বিরুদ্ধে ১ কোটি ৬৯ লাখা টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ পাওয়া যায়।
এ অভিযোগে ২০২১ সালের ১ মার্চ সাহেদের বিরুদ্ধে দুদকের সমন্বিত ঢাকা জেলা কার্যালয়-১-এ মামলা দায়ের করে দুদক। এরপর ২০২১ সালের ২৯ ডিসেম্বর চার্জশিট অনুমোদন দেয় দুদক। পরে ২০২২ সালের ২ ফেব্রুয়ারি আদালতে চার্জশিট জমা দেওয়া হয়।
এরপর ২০২২ সালের ১৭ এপ্রিল মামলায় অভিযোগ গঠন করে সাহেদের বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচারকাজ শুরুর আদেশ দেন আদালত।









