রাজধানীর যমুনা ফিউচার পার্কের সামনে ভিক্টর ক্লাসিক পরিবহনের বাসের ধাক্কায় নাদিয়া নামের এক শিক্ষার্থীর নিহতের ঘটনায় মামলা হয়েছে। মামলায় বাসের অজ্ঞাত পরিচয় চালক ও হেলপারকে আসামি করা হয়। মামলা করেন নাদিয়ার বাবা জাহাঙ্গীর আলম।
রবিবার (২২ জানুয়ারি) রাতে বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেন ভাটারা থানার পরিদর্শক (অপারেশন) মোরশেদ আলম।
পুলিশ পরিদর্শক বলেন, ‘ভিক্টর পরিবহনের বাসটি (ঢাকা মেট্রো ব ১৫-৩১৯০) মোটরসাইকেলের পেছনে ধাক্কা দেয়। এতে বাসটির সামনের চাকার নিচে পড়ে ঘটনাস্থলেই মারা যান নাদিয়া। তিনি নর্দান ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। এ ঘটনায় নাদিয়ার বাবা জাহাঙ্গীর আলম বাদী হয়ে মামলা করেছেন।’
তিনি জানান, এখনও বাসের চালক ও হেলপারের পরিচয় নিশ্চিত না হওয়ায় মামলায় অজ্ঞাত পরিচয়ে আসামি করা হয়েছে। তবে এই ঘটনায় বাসটি জব্দ করা হয়েছে।









