‘বিতর্কিত’ বই রাখার কারণে প্রকাশনা সংস্থা ‘আদর্শ’কে স্টল বরাদ্দ দেয়নি বইমেলার আয়োজক প্রতিষ্ঠান বাংলা একাডেমি। এতে বইটি না রাখার শর্তে এবং বইমেলার যাবতীয় নিয়ম মেনে স্টল পেতে ২৪ জানুয়ারি স্টল বরাদ্দের জন্য আবেদন করে প্রকাশনা সংস্থাটি। গত ২৯ জানুয়ারি এক সভায় ‘আদর্শ’কে স্টল বরাদ্দ না দেওয়ার সিদ্ধান্ত বহাল রাখে বাংলা একাডেমি। বিষয়টিকে বাংলা একাডেমির নিয়মবহির্ভূত ও অসাংবিধানিক বলে দাবি করেছেন ‘আদর্শে’র প্রকাশক মাহাবুব রহমান। বাংলা একাডেমির এই সিদ্ধান্তের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন বলে জানান তিনি।
মঙ্গলবার (৩১ জানুয়ারি) স্টল বরাদ্দ না পাওয়ার বিষয়ে বাংলা ট্রিবিউনের সঙ্গে আলাপকালে মাহাবুব রহমান এসব কথা জানান।
তিনি বলেন, ‘বাংলা একাডেমি সম্পূর্ণ নিয়মবহির্ভূতভাবে এই কাজ করছে। তারা যে ধারার দোহাই দিচ্ছে, সেটি হলো ১৪ নম্বর অনুচ্ছেদের ১৪.১৪, ১৪.১৫ উপ-অনুচ্ছেদ। সেই ধারায় বলা আছে— তারা যে বইগুলোতে আপত্তি করবে সেগুলো মেলায় প্রদর্শন, বিক্রি বা সংরক্ষণ করা যাবে না। আর যদি কেউ সংরক্ষণ করে, সে ক্ষেত্রে তার স্টল বরাদ্দ বাতিল করে দেওয়া হবে। আমার প্রশ্ন হলো, আমি তো মেলায় বই প্রদর্শন করিনি, মেলা এখনও শুরু হয়নি। তাহলে তারা কিভাবে আমার স্টল বরাদ্দ বাতিল করতে পারে? সুতরাং, নিয়মবহির্ভূত ও অসাংবিধানিকভাবে তারা এ কাজ করেছে। এ জন্য আমরা উচ্চ আদালতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছি।
এ দিকে সোমবার (৩০ জানুয়ারি) আসন্ন ‘কলকাতা আন্তর্জাতিক পুস্তক মেলা-২০২৩’-এ একই বই লেখক ফাহাম আবদুস সালাম রচিত ‘বাঙালির মিডিয়োক্রিটির সন্ধানে’ প্রদর্শন ও বিক্রি না করার কথা জানিয়ে আদর্শকে চিঠি দিয়েছে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি। এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘তারা আমাকে বলেছে, আদিষ্ট হয়ে অনুরোধ করছে। কোথা থেকে আদিষ্ট হয়ে, এটা তারা আমাকে জানায়নি।’









