ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার ফুলতলা এলাকায় ট্রাক ও ব্যাটারিচালিত অটোর মুখোমুখি সংঘর্ষে দুই শিশুসহ একই পরিবারের আট জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) বিকাল ৪টায় ফুলতলা এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
আহতরা হলেন- দীপক মনি (৩০), তার স্ত্রী শ্যামলী মনি (২৫), ছোট ভাইয়ের স্ত্রী অনিকা মনি (২৬), অনিকার মেয়ে শিপ্রা মনি (৪ মাস), চাচাতো দুই বোন দীপা মনি (১৯) ও নিপা মনি (১৪), চাচাতো ভাইয়ের স্ত্রী প্রভাতী মনি (৩০) ও মেয়ে রাধিকা মনি (৭)।
আহত দিপকের চাচা নিরঞ্জন মনি বলেন, ব্যাটারিচালিত অটোতে করে নবাবগঞ্জের ছোট বক্স নগরের বাসা থেকে ভাতিজা অজিত মনির বিয়ের অনুষ্ঠানে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার বাগড়া গ্রামে পরিবারের সবাই যাচ্ছিলেন। পথে ফুলতলা নামক স্থানে দ্রুতগতির ট্রাক সামনে থেকে ধাক্কা দিলে এতে সবাই আহত হন। পরে তাদেরকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। সেখান থেকে রাত সাড়ে ৮টায় চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল নিয়ে আসি।
তিনি আরও বলেন, অজিতের বিয়ের অনুষ্ঠানে তার বাবা মঙ্গল মনি নিজেই তার ব্যাটারিচালিত অটো চালিয়ে সবাইকে নিতে আসছিল। মুন্সীগঞ্জে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনার শিকার হয়।
ঢামেক পুলিশ ক্যাম্পের পুলিশ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, ফুলতলা থেকে একই পরিবারের আহত সাত জনকে হাসপাতালে আনা হয়েছে। ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে। উভয়েরই মাথাসহ হাত-পায়ে আঘাত রয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক নয়।









