বিশ্বব্যাপী জনপ্রিয় ফ্যাশন ব্র্যান্ড টমি হিলফিগারের আয়োজনে টমি হিলফিগার ফ্যাশন ফ্রন্টিয়ার চ্যালেঞ্জ-২০২২ পুরস্কার জিতেছে বাংলাদেশি মানসিক স্বাস্থ্যসেবা উদ্যোগ মনের বন্ধু। এ পুরস্কারের অর্থমূল্য ১ লাখ ইউরো। গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিশ্বের ফ্যাশন-শিল্পের জন্য উদ্ভাবনী ও ভবিষ্যৎমুখী নতুন উদ্যোগগুলোর (স্টার্টআপ) জন্য ২০১৮ সাল থেকে এ পুরস্কার দিচ্ছে টমি হিলফিগার। সহজে ও সুলভে তরুণ, নারী এবং বিশেষ করে বাংলাদেশের তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের কাছে মানসিক স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার স্বীকৃতি হিসেবে মনের বন্ধু এই পুরস্কার পেল।
সম্প্রতি নেদারল্যান্ডসের অ্যামস্টারডামে টমি হিলফিগারের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয় ফ্যাশন ফ্রন্টিয়ার চ্যালেঞ্জ-২০২২ -এর মূল আয়োজন। ৯ মাস ধরে পৃথিবীর বিভিন্ন দেশের প্রায় ২৫৬টি উদ্যোগ যাচাই–বাছাই করে ৫টি উদ্যোগ চূড়ান্ত পর্বের জন্য নির্বাচিত হয়। আমস্টারডামে পাঁচ ফাইনালিস্ট তাদের ব্যবসায়িক ভাবনা বিচারকদের সামনে উপস্থাপন করেন।
টমি হিলফিগার প্রতিযোগিতার দুই বিজয়ীর নাম ঘোষণা করে। বিচারকদের রায়ে টমি হিলফিগার ফ্যাশন ফ্রন্টিয়ার চ্যালেঞ্জ-২০২২ বিজয়ী হয় বাংলাদেশের মনের বন্ধু এবং সঙ্গে ব্রিটিশ উদ্যোগ কোয়ালা।
কোয়ালা দুর্ঘটনাজনিত কারণে অঙ্গহানি হওয়া, পুড়ে যাওয়া মানুষের জন্য ফ্যাশনেবল প্রস্থেটিক পরিধেয় নিয়ে কাজ করছে। পুরস্কারের অর্থমূল্য ছাড়াও টমি হিলফিগার ও ইনসিড বিজনেস স্কুলের বিশেষজ্ঞদের কাছ থেকে এক বছরব্যাপী পরামর্শ (মেন্টরশিপ) পাবেন বিজয়ীরা। পাশাপাশি ইনসিড হ্যানস ওয়াল ইমপ্যাক্ট এন্ট্রাপ্রেনারশিপ কর্মসূচির আওতায় বিজয়ীদের কাজের জায়গাও দেওয়া হবে।
মনের বন্ধুর পক্ষে পুরস্কার গ্রহণ করেন উদ্যোগটির প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী তৌহিদা শিরোপা। সঙ্গে ছিলেন মনের বন্ধুর রিসার্চ ও স্ট্র্যাটেজি প্রধান শিখ্তী সানী।
তৌহিদা শিরোপা বলেন, আমরা বাংলাদেশে সহজে ও সুলভে মানসিক স্বাস্থ্যসেবা দিতে চেয়েছি। বিশেষ করে সুবিধাবঞ্চিত মানুষেরাও যাতে এই সেবা পান, সেই চেষ্টাই আমরা করে যাই। এই পুরস্কার আমাদের আগামী দিনের কাজে আরও উৎসাহ জোগাবে।









