শারীরিক প্রতিবন্ধী মানুষের জন্য কক্সবাজারে ‘মুজিব’স বাংলাদেশ কক্সবাজার কার্নিভাল অনুষ্ঠিত হবে। আগামী ২৪ ও ২৫ ফেব্রুয়ারি কক্সবাজার সি বিচে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের সহায়তায় এ আয়োজন করছে এনি মোমেন্ট ট্যুরস অ্যান্ড ট্রাভেলস।
রবিবার (১২ ফেব্রুয়ারি) আগারগাঁও পর্যটন ভবনে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান আয়োজকরা।
বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা আবু তাহের মুহাম্মদ জাবের বলেন, এই আয়োজনে বিশেষ চাহিদাসম্পন্ন মানুষদের জন্য সমুদ্রসৈকতে নামার বিশেষ রাস্তা এবং টয়লেট উদ্বোধন, প্রতিবন্ধীদের ক্রিকেট খেলার আয়োজন থাকবে। মূলত আয়োজনটি বাংলাদেশ ট্যুরিজম বোর্ড এবং এনি মোমেন্ট ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হবে।
কার্নিভালটির উদ্বোধন করবেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী।
আবু তাহের মুহাম্মদ জাবের বলেন, যারা বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তি, তাদেরও সমান অধিকার রয়েছে। তাদের উপযোগী করে আমাদের পর্যটন স্থানগুলোকে গড়ে তুলতে হবে, যাতে তারা সেখানে গিয়ে আনন্দ উপভোগ করতে পারে। কক্সবাজারের মতো প্রাকৃতিক পরিবেশ ও নান্দনিক সৌন্দর্য দেখা থেকে যেন কেউ বঞ্চিত না হয়।
বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের উপপরিচালক রাহনুমা সালাম খান বলেন, বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদেরও তো মন চায় আনন্দ উপভোগ করতে। মূলত তাদের জন্য এই আয়োজন। এর মাধ্যমে পর্যটন স্পটগুলোতে তাদের জন্য বিশেষ আয়োজন যেন থাকে, সে বিষয়টিকেই প্রমোট করা হবে এই আয়োজনের মধ্য দিয়ে। এর পাশাপাশি আমরা মানুষকে সচেতন করার জন্য দুই দিনের কার্নিভালের আয়োজন করছি।
আয়োজকরা জানান, কার্নিভালের মূল থিম ‘সকলের জন্য পর্যটন’ এবং ‘সাগরের ঢেউ সবার জন্য’ স্লোগান নির্ধারণ করা হয়েছে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়।
কার্নিভালে ঢাকা টকিস, বাংলাদেশ অ্যাম্পুচি ফুটবল ফেডারেশন, বাংলাদেশ কোয়ান্টাম ফাউন্ডেশন, নিউরো-ডেভেলপমেন্টাল প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট, এইচ এন এম ফাউন্ডেশন, কক্সবাজার রানিং ক্লাব, কক্সবাজার সাইক্লিস্ট ক্লাব, বাংলাদেশ পর্যটন করপোরেশন, বাংলাদেশ ট্যুরিস্ট পুলিশ, জেলা প্রশাসন কক্সবাজার, কক্সবাজার বিচ ম্যানেজম্যান্ট কমিটি সহযোগিতা করবে।
সংবাদ সম্মেলনে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের উপপরিচালক মোহাম্মাদ সাইফুল হাসান, সহকারী পরিচালক (জনসংযোগ ও আন্তর্জাতিক সম্পর্ক) মো. বোরহান উদ্দিন, এনি মোমেন্ট ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের ব্যবস্থাপনা পরিচালক জুবায়ের ইবনে মাহবুব প্রমুখ।









