রাজধানীর সিদ্ধেশ্বরীতে সগিরা মোর্শেদ হত্যা মামলায় তার বড় বোনের মেয়ে দিলরুবা নুসরাত জাহান আদালতে সাক্ষ্য দিয়েছেন। আসামি পক্ষের আইনজীবীরা তাকে জেরা করেন। তবে তা শেষ না হওয়ায় আদালত অবশিষ্ট জেরা ও পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য আগামী ২৬ ফেব্রুয়ারি দিন ধার্য করেন। মামলাটিতে এখন পর্যন্ত ১০ জনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে।
বুধবার (১৫ ফেব্রুয়ারি) ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১-এর বিচারক রফিকুল ইসলামের আদালতে তিনি সাক্ষ্য দেন।
সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী শামসুদ্দিন জুম্মন বিষয়টি জানিয়েছেন।
মামলার আসামিরা হলেন– নিহতের ভাশুর ডা. হাসান আলী চৌধুরী ও তার স্ত্রী সায়েদাতুল মাহমুদা ওরফে শাহীন, শ্যালক আনাস মাহমুদ ওরফে রেজওয়ান ও মারুফ রেজা।
২০২০ সালের ১৬ জানুয়ারি মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পুলিশ পরিদর্শক রফিকুল ইসলাম আদালতে মামলার অভিযোগপত্র দাখিল করেন।
অভিযোগপত্র থেকে জানা গেছে, আসামিরা নিজেদের বাসায় বসে সগিরাকে হত্যার পরিকল্পনা করেন। সে অনুযায়ী ডা. হাসান আলী তার চেম্বারে বসে অপর আসামি মারুফ রেজার সঙ্গে ২৫ হাজার টাকায় মিশন সফলের চুক্তি করেন। ১৯৮৯ সালের ২৫ জুলাই সগিরাকে গুলি করে হত্যা করেন মারুফ রেজা ও আনাস মাহমুদ। ওই ঘটনায় সগিরার স্বামী বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
২০২১ সালের ২ ডিসেম্বর ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশের আদালত সগিরা মোর্শেদের ভাশুরসহ চার জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। এর মধ্য দিয়ে ৩১ বছর পর এ মামলার আনুষ্ঠানিক বিচারকাজ শুরু হয়। এরপর গত বছরের ১১ জানুয়ারি মামলার বাদী ও সগিরা মোর্শেদের স্বামী আব্দুস সালাম চৌধুরী আদালতে সাক্ষ্য দেন। এর মধ্য দিয়ে এ মামলার সাক্ষ্যগ্রহণ শুরু হয়।









