হোটেল, রেস্টুরেন্ট এবং ট্রেনে ধূমপানের জন্য নির্ধারিত এলাকার বিধান অকার্যকর থাকায় ব্যাপকভাবে পরোক্ষ ধূমপানের শিকার হচ্ছেন অধূমপায়ীরা। ঢাকা শহরের ১১৮টি আবাসিক হোটেল ও ৩৫৫টি রেস্টুরেন্ট এবং ঢাকা থেকে ছেড়ে যাওয়া ৫৩টি ট্রেনের ওপর পরিচালিত গবেষণায় এই চিত্র উঠে এসেছে। গবেষণায় মোট ৫২৬টি ভেন্যুর মধ্যে মাত্র ৪১টিতে (৮ শতাংশ) ‘ধূমপানের জন্য নির্ধারিত এলাকা বা ডেজিগনেটেড স্মোকিং এরিয়া (ডিএসএ)’ পাওয়া গেছে, যার একটিতেও পরিপূর্ণভাবে আইন মেনে ডিএসএ রাখা হয়নি।
জনস্ হপকিন্স ব্লুমবার্গ স্কুল অব পাবলিক হেলথ এবং গবেষণা ও অ্যাডভোকেসি প্রতিষ্ঠান প্রজ্ঞা (প্রগতির জন্য জ্ঞান) যৌথভাবে ‘প্রিভেলেন্স অ্যান্ড কমপ্লায়েন্স অব ডেজিগনেটেড স্মোকিং এরিয়া’স (ডিএসএ) ইন হসপিটালিটি ভেন্যুস অ্যান্ড ট্রান্সপোর্টেশন ইন ঢাকা, বাংলাদেশ’ শীর্ষক এই গবেষণা পরিচালনা করেছে।
রবিবার (১৯ ফেব্রুয়ারি) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে ক্যাম্পেইন ফর টোব্যাকো ফ্রি কিডস (সিটিএফকে), প্রজ্ঞা এবং ভয়েস আয়োজিত ‘বিল্ডিং এ টোব্যাকো ফ্রি বাংলাদেশ- লোকাল অ্যান্ড গ্লোবাল এভিডেন্স শেয়ারিং’ অনুষ্ঠানে এসব তথ্য জানানো হয়। অনুষ্ঠানে সিটিএফকে’র সহায়তায় ভয়েস পরিচালিত তামাক কোম্পানির কূটকৌশল সংক্রান্ত আরেকটি গবেষণার ফলাফল উপস্থাপন করা হয়।
প্রজ্ঞা’র নির্বাহী পরিচালক এবিএম জুবায়েরের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা হয়।
ডিএসএ বিষয়ক প্রজ্ঞার উপস্থাপনায় বলা হয়, ১১৮টি আবাসিক হোটেলের মধ্যে মাত্র ১৮টিতে ডিএসএ পাওয়া গেছে। ৭টি হোটেলের ডিএসএ ধূমপানমুক্ত এলাকা থেকে আলাদা নয় এবং ৭টিতে সেবা প্রদানের জন্য কর্মীদের ডিএসএ অতিক্রম করতে হয়।
উল্লেখ্য, তামাক নিয়ন্ত্রণ আইনে ‘ধূমপানের জন্য নির্ধারিত এলাকাকে (ডিএসএ) ধূমপানমুক্ত এলাকা থেকে পৃথক রাখার বিধান রয়ছে। আইনি বাধ্যবাধকতা থাকলেও ১৭টি হোটেলের ডিএসএ’তে সতর্কতামূলক নোটিশ প্রদর্শন করা হয়নি।
গবেষণায় ৫৩টি ট্রেনের ২১টিতে ডিএসএ পাওয়া গেছে, যার মধ্যে ৭টিতে বিভিন্ন খাবার ও পানীয় বিক্রি হওয়ায় অধূমপায়ীদের পরোক্ষ ধূমপানের শিকার হওয়ার সুযোগ রয়ছে। ডিএসএ থাকা ২১টি ট্রেনের কোনোটিতেই ধূমপানের জন্য নির্ধারিত এলাকা বা ডিএসএ সংক্রান্ত কোনও নোটিশ দেখা যায়নি। অর্থাৎ ১টি ট্রেনেও পরিপূর্ণভাবে আইন মেনে ডিএসএ রাখা হয়নি। ৩৫৫টি রেস্টুরেন্ট এর মধ্যে মাত্র ২টিতে ডিএসএ পাওয়া গেছে এবং কোনোটিতেই এ সংক্রান্ত আইন পরিপূর্ণভাবে মানা হয়নি।
গবেষণার উপসংহারে বলা হয়েছে, ধূমপানের জন্য নির্ধারিত এলাকা (ডিএসএ) অধূমপায়ীদের পরোক্ষ ধূমপানের ছোবল থেকে সুরক্ষা প্রদান করতে পারে না এবং এই বিধান চালু রেখে ধূমপানমুক্ত আইন বা নীতির সুফল পাওয়া সম্ভব নয়। সুতরাং, শতভাগ ধূমপানমুক্ত পরিবেশ নিশ্চিত করতে ডিএসএ বাতিল করা প্রয়োজন।
ভয়েস এর উপস্থাপনায় জানানো হয়, তামাক কোম্পানিগুলো নগদ টাকা ও সরঞ্জামাদি প্রদানের মাধ্যমে রেস্টুরেন্টগুলোতে ডিএসএ স্থাপনে উৎসাহিত করে থাকে। বিদ্যমান আইনের দুর্বলতার কারণেই কোম্পানিগুলো এই কূটকৌশল অবলম্বনের সুযোগ পাচ্ছে।
অনুষ্ঠানে স্বাস্থ্যসেবা বিভাগের অতিরিক্ত সচিব কাজী জেবুন্নেছা বেগম, সিটিএফকে’র প্রিন্সিপাল কনসালটেন্ট, সাউথ এশিয়া কমিউনিকেশনস জসপ্রীত কাউর পাল, জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়াররম্যান ড. নাসির উদ্দিন আহমেদ, তামাক নিয়ন্ত্রণ সেল এর সমন্বয়কারী হোসেন আলী খোন্দকার, সিটিএফকে বাংলদেশ লিড পলিসি অ্যাডভাইজার মোস্তাফিজুর রহমান, প্রজ্ঞার নির্বাহী পরিচালক এবিএম জুবায়েরসহ তামাকবিরোধী সংগঠনগুলোর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।









