তৃণমূল বিএনপি’র সভাপতি ব্যারিস্টার নাজমুল হুদার মৃত্যুতে গভীর দুঃখ ও শোক প্রকাশ করেছেন বিকল্পধারা বাংলাদেশ’র প্রেসিডেন্ট সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী।
সোমবার (২০ ফেব্রুয়ারি) গণমাধ্যমে দেওয়া এক শোকবাণীতে বদরুদ্দোজা চৌধুরী বলেন, ‘নাজমুল হুদা রাজনীতির মাঠে সবসময় সরব ছিলেন। তাকে নিয়ে নানা বিতর্ক থাকলেও তিনি আপাদমস্তক একজন রাজনীতিবিদ ছিলেন এ কথা নির্দ্বিধায় বলা যায়।’
শোকবাণীতে বদরুদ্দোজা চৌধুরী আরও বলেন, ‘আমি তার রুহের মাগফেরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।’
এর আগে রবিবার (১৯ ফেব্রুয়ারি) রাতে মারা যান সাবেক বিএনপি নেতা নাজমুল হুদা। তিনি দীর্ঘদিন ধরেই নানা রোগে আক্রান্ত ছিলেন। সম্প্রতি তিনি হাসপাতাল থেকে বাসায় ফেরেন।
প্রসঙ্গত, নাজমুল হুদা বিএনপির প্রতিষ্ঠাতা সদস্য। ১৯৯১ সালে বিএনপি সরকার গঠন করলে তিনি হন তথ্যমন্ত্রী। ২০০১ সালে বিএনপি আবার ক্ষমতায় এলে যোগাযোগমন্ত্রীর দায়িত্ব পান তিনি। ২০০৭ সালে সেনা-সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় আসার পর তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে একাধিক মামলা হয়।
২০১২ সালের ৬ জুন বিএনপি থেকে পদত্যাগ করেন নাজমুল হুদা। সে বছর বাংলাদেশ জাতীয়তাবাদী ফ্রন্ট (বিএনএফ) নামে নতুন রাজনৈতিক দল গঠন করেন। ২০১৫ সালে তৃণমূল বিএনপি নামে নতুন একটি দল গঠন করেন। চলতি মাসে দলটিকে নির্বাচন কমিশন নিবন্ধন দিয়েছে। নাজমুল হুদার জন্ম ঢাকার দোহারে।









