ঢাকা আইনজীবী সমিতির ২০২৩-২৪ কার্যনির্বাহী পরিষদের নির্বাচনে প্রথমদিনের ভোটগ্রহণ শেষ হয়েছে। ১৯ হাজার ৬১৮ ভোটের মধ্যে দুইদিনব্যাপী নির্বাচনের প্রথম দিনে ৫০২৮ জন আইনজীবী ভোট দেন। নির্বাচন কমিশনার অ্যাডভোকেট আহসান হাবিব বাংলা ট্রিবিউনকে এই তথ্য নিশ্চিত করেছেন।
বুধবার (২২ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে শুরু হয় ভোটগ্রহণ। মধ্যে এক ঘণ্টার জন্য বিরতি দিয়ে বিকাল ৫টায় শেষ হয় ভোট গ্রহণ।
বৃহস্পতিবারও (২৩ ফেব্রুয়ারি) একইভাবে ভোটগ্রহণ চলবে। এরপর শুরু হবে ভোট গণনা। তারপর ফলাফল।
এ নির্বাচনে ২৩টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪৬ জন। বিএনপি ও জামায়াত সমর্থিত নীল প্যানেলের ২৩ জন ও আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেলের ২৩ জন।
প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর (পিপি) আব্দুল্লাহ আবু। তিনি বলেন, ঢাকা আইনজীবী সমিতির মোট সদস্য ২৭ হাজার ৯২৪ জন। এর মধ্যে ১৯ হাজার ৬১৮ জন সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। বিগত নির্বাচনে সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট উপহার দিয়েছি। এবারও প্রার্থী ও ভোটারদের সহযোগিতা নিয়ে সুষ্ঠু ও সুন্দর নির্বাচন উপহার দেবো।
এবার নির্বাচনে আওয়ামীপন্থী নীল প্যানেলের প্রার্থীরা হলেন— সভাপতি পদে মিজানুর রহমান মামুন, সাধারণ সম্পাদক পদে খন্দকার গোলাম কিবরিয়া জুবায়ের, সিনিয়র সহ-সভাপতি পদে রুমানা জামান রীতু, সহ-সভাপতি পদে প্রাণ নাথ, ট্রেজারার পদে বিবি ফাতেমা মুন্নী, ফাহিম শরীফ, সিনিয়র সহ-সাধারণ সম্পাদক পদে মো. মাহবুব হোসেন জয়, সহ-সাধারণ সম্পাদক পদে মো. রেজাউল হক রিপন, লাইব্রেরি সম্পাদক পদে শিখা ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক পদে মো. গোলাম কিবরিয়া সুমন, দফতর সম্পাদক পদে এস এম মিজানুর রহমান, ক্রীড়া সম্পাদক পদে মো. আবুল হাসনাত জিহাদ, সমাজকল্যাণ সম্পাদক পদে নির্বাচনে প্রার্থী হয়েছেন।
এছাড়া সদস্য পদে মো. কামাল হোসেন, গাজী ইমরুল, আসলাম হোসেন, ইয়াসিন জাহান ভূঁইয়া (নিশান), মো. তানজির হোসেন রবিন, অ্যাডভোকেট শারমিন সুলতানা টুম্পা, ইসমত আরা শারমিন (রীমু), মো. আশিকুল ইসলাম মুরাদ, সঞ্জয় কুমার কর্মকার, জহির উদ্দিন জহির ও নাছির উদ্দীন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
বিএনপিপন্থী নীল প্যানেলের প্রার্থীরা হলেন— সভাপতি পদে খোরশেদ মিয়া আলম ও সাধারণ সম্পাদক পদে সৈয়দ নজরুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি পদে আব্দুর রাজ্জাক, সহ-সভাপতি পদে মো. সহিদুজ্জামান, ট্রেজারার পদে আব্দুর রশীদ মোল্লা, সিনিয়র সহ-সাধারণ সম্পাদক পদে জহিরুল হাসান, সহ-সাধারণ সম্পাদক পদে সৈয়দ মো. মইনুল হোসেন, লাইব্রেরি সম্পাদক পদে নার্গিস পারভীন মুক্তি, সাংস্কৃতিক সম্পাদক পদে নূরজাহান বেগম, দফতর সম্পাদক পদে আনোয়ারুল ইসলাম, ক্রীড়া সম্পাদক পদে মোবারক হোসেন ও সমাজকল্যাণ সম্পাদক পদে মাহবুব হাসান রানা নির্বাচনে প্রার্থী হয়েছেন।
এছাড়া সদস্য পদে আলী মর্তুজা, আনোয়ার হোসেন, মাহফুজুর রহমান ইলিয়াছ, সোহেল উদ্দিন রানা, ইয়াকুব আলী, মোহাম্মদ আরিফ, আলী বাবু, মুক্তা বেগম, মোজ্জাম্মেল হক, রেজাউল হক রিয়াজ ও রুবিনা আক্তার রুবা প্রতিদ্বন্দ্বিতা করছেন।
২০২২-২৩ সালের নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেল সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১৭টি পদ এবং বিএনপি সমর্থিত নীল প্যানেল লাইব্রেরি ও সমাজকল্যাণ সম্পাদকসহ ৬টি পদে নির্বাচিত হয়েছে।









