সম্পদ বিবরণীতে তথ্য গোপনের অভিযোগে করা মামলায় গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের জাতীয় পার্টির (জাপা) সাবেক সংসদ সদস্য ডা. কর্নেল (অব.) আব্দুল কাদের খানের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে মামলার তদন্ত সংস্থা দুদক।
সোমবার (২৭ ফেব্রুয়ারি) ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. আছাদুজ্জামানের আদালতে চার্জশিট গ্রহণের জন্য ধার্য ছিল। এদিন তাকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। এরপর বিচারক তার উপস্থিতিতে চার্জশিট গ্রহণ করে মামলাটি ঢাকার বিশেষ জজ আদালত-৯-এ বদলির আদেশ দেন।
গাইবান্ধা-১ আসনের সরকারদলীয় সংসদ সদস্য মনজুরুল ইসলামকে (লিটন) হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে ২০১৭ সালের ফেব্রুয়ারিতে গ্রেফতার হন কাদের খান। অবসরপ্রাপ্ত এই সেনা কর্মকর্তাকে বগুড়া শহরের বাসায় ছয়দিন ‘নজরবন্দি’ করে রাখার পর গ্রেফতার করে পুলিশ।
এর কয়েক দিন পরেই কাদের খানের অবৈধ সম্পদ অনুসন্ধানে নামে দুদক। সম্পদ বিবরণীতে তথ্য গোপনের অভিযোগ, জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ২০১৯ সালের ২৬ মে রমনা থানায় মামলা করেন দুদকের উপ-সহকারী পরিচালক ওয়াহিদ মঞ্জুর সোহাগ।
মামলার এজাহারের বলা হয়, দুদকে জমা দেওয়া সম্পদ বিবরণীতে আবদুল কাদের খান ২৪ লাখ ৪২ হাজার ৭৭০ টাকা গোপন করেন।
মামলার তদন্ত কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক নূর আলম গত ১০ জানুয়ারি তার বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন।









