দেশের ৬৪ জেলায় চলমান রয়েছে পুলিশ কনস্টেবল পদে চাকরির নিয়োগ প্রক্রিয়া। এই পদে চাকরি পেতে প্রতারকদের ফাঁদে পা না দেওয়ার আহ্বান জানিয়েছে পুলিশ হেডকোয়ার্টার্স।
বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) পুলিশ হেডকোয়ার্টার্সের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) মনজুর রহমান বলেন, ‘২০২২ সালের ২ ডিসেম্বর বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। নিয়োগ কার্যক্রম শুরু হয় চলতি বছরের ৫ ফেব্রুয়ারি থেকে। পরীক্ষা আধুনিকায়ন করে স্বচ্ছতার সঙ্গে সাতটি ধাপে নিয়োগ কার্যক্রম সম্পন্ন করা হচ্ছে।’
পুলিশের এই কর্মকর্তা বলেন, ‘কনস্টেবল নিয়োগের ক্ষেত্রে একজন প্রার্থীকে তার নিজ যোগ্যতায় প্রতিটি ধাপে উত্তীর্ণ হতে হয়। এ ক্ষেত্রে নিয়োগ পদ্ধতির কোনও ধাপে কোনও প্রার্থীকে উত্তীর্ণ করার সুযোগ নেই। একজন প্রার্থী নিজ যোগ্যতায় শুধুমাত্র সরকারি ফি দেওয়ার মাধ্যমে চাকরি পেয়ে থাকেন।’ চাকরি দেওয়ার প্রলোভনে যারা টাকা হাতিয়ে দিচ্ছে তাদের ফাঁদে পা না দেওয়ার আহ্বান জানান তিনি।
কনস্টেবল নিয়োগকে কেন্দ্র করে কোনও ব্যক্তির কোনও ধরনের প্রতারণার খবর পেলে নিকটস্থ থানা বা ৯৯৯-এ ফোন করার অনুরোধ জানান পুলিশের এই কর্মকর্তা।









